Accident

নবান্নের কাছে অফিস টাইমে ভয়াবহ দুর্ঘটনা! নিয়ন্ত্রণ হারিয়ে একাধিক গাড়িতে ধাক্কা বাসের, গুরুতর জখম বাইক আরোহী ও সিভিক ভলান্টিয়ার

দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছেন এক বাইক আরোহী এবং এক সিভিক ভলান্টিয়ার। সকাল ৯টা নাগাদ এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২৩ নভেম্বর ২০২৬ ১২:০৭

সোমবার সপ্তাহের প্রথম কর্মব্যস্ত দিনে নবান্নের কাছে ভয়াবহ পথ দুর্ঘটনা। দ্বিতীয় হুগলি সেতুতে ওঠার মুখে অ্যাপ্রোচ রোডে নিয়ন্ত্রণ হারিয়ে একাধিক গাড়িতে ধাক্কা মারল যাত্রীবোঝাই বাস। দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছেন এক বাইক আরোহী এবং এক সিভিক ভলান্টিয়ার। সকাল ৯টা নাগাদ এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। আহত দু'জনকে উদ্ধার করে হাওড়া জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বর্তমানে সেখানেই তাঁদের চিকিৎসা চলছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সাঁতরাগাছি থেকে বারাসতের দিকে যাচ্ছিল বাসটি। নবান্নের কাছে একটি বাঁকের মুখে আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে বাসটি। প্রথমে দু'টি মোটরবাইক এবং একটি মারুতি গাড়িতে সজোরে ধাক্কা মারে। এর পর রাস্তার পাশে থাকা একটি সিগন্যাল পোস্টেও ধাক্কা দেয় বাসটি। তাতেই এক বাইক আরোহী ও কর্তব্যরত এক সিভিক ভলান্টিয়ার গুরুতর আহত হন।

দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছোন ট্র্যাফিক পুলিশের আধিকারিকরা। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়। অন্য দিকে, দুর্ঘটনার পর থেকেই বাসের চালক পলাতক বলে জানা গিয়েছে। পরে ব্রেকডাউন ভ্যানের সাহায্যে দুর্ঘটনাগ্রস্ত বাসটিকে রাস্তা থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়।

ইতিমধ্যেই হাওড়া সিটি  পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। কী কারণে বাসটি নিয়ন্ত্রণ হারাল, চালক কোনও ভাবে অসতর্ক ছিলেন কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। দুর্ঘটনার জেরে বেশ কিছুক্ষণ যান চলাচল ব্যাহত হয় দ্বিতীয় হুগলি সেতুর অ্যাপ্রোচ রোডে। তবে পুলিশের তৎপরতায় দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং স্বাভাবিক হয় যান চলাচল।


Share