Bomb Threat

রাজ্যের একাধিক আদালতে বোমাতঙ্ক! ঘটনাস্থলে বোম্ব স্কোয়াড, চলছে তল্লাশি

উল্লেখ্য, গত কয়েক মাস ধরেই দিল্লির বিভিন্ন স্কুলগুলিতে বিস্ফোরণের ভুয়ো হুমকি দিয়ে আসছিল উড়ো মেল। সেই মেলগুলির নেপথ্যে কে বা কারা রয়েছে, তা জানার জন্য তদন্ত শুরু করেছিল পুলিশ। এ বার খাস কলকাতার সিটি সিভিল কোর্টে বোমাতঙ্ক।

তল্লাশি চালাচ্ছে পুলিশ
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০২৬ ০৪:০৮

মঙ্গলবার রাজ্যের একাধিক আদালতে বোমাতঙ্ক। এ দিন দেওয়ানি আদালত, নগর দায়েরা আদালত, আসানসোল জেলা আদালত, দুর্গাপুর মহকুমা আদালত, চুঁচুড়া আদালত, মুর্শিদাবাদ জেলা আদালতে অফিসে বোমা রাখার হুমকি দেওয়া হয়। ইমেলের মাধ্যমে এ হুমকি দেওয়া হয়েছে বলে খবর।

জানা গিয়েছে, একটি হুমকি ইমেলে দাবি করা হয়েছে, দেওয়ানি আদালতে বোমা রাখা হয়েছে। এই ইমেল পাওয়ার পরেই নড়েচড়ে বসে পুলিশ। গোটা বিল্ডিং খালি করে দেওয়া হয়। এর পরে স্নিফার ডগ এনে বিল্ডিংয়টিতে তল্লাশি চালাচ্ছে পুলিশ। শেষ পাওয়া খবর অনুযায়ী, এখনও পর্যন্ত সন্দেহজনক কিছু উদ্ধার হয়নি। এই মেলটি কে বা কারা পাঠাল? তাদের উদ্দেশ্যই বা কী? এই সব প্রশ্নের উত্তর খুঁজছে পুলিশ।

পাশাপাশি এ দিন বেলা ১২টা নাগাদ জেলা জজের মোবাইলে একটি ফোন আসে। সেখানে দাবি করা হয় আদালত চত্বরে বোমা রাখা রয়েছে। এর পরেই তড়িঘড়ি আদালত খালি করে দেওয়া হয়। শুরু হয় তল্লাশি। সেই রেশ কাটতে না কাটতেই দুর্গাপুর মহকুমা আদালতেও বোমা রাখা রয়েছে, এই দাবি করে একটি মেল করা হয়। শেষ পাওয়া খবর অনুযায়ী, সেখানেও চলছে তল্লাশি।

এ দিনই মুর্শিদাবাদ জেলা জজ অফিসে হুমকি মেইল আসে। নিয়ে মুর্শিদাবাদ জেলা জজ ও জেলার অতিরিক্ত দায়রা বিচারকরা যাতে কোনও রকম হস্তক্ষেপ না করে, সেই বিষয়ে হুমকি দিয়ে একটি মেল করা হয়। সেখানে আদালতে বিস্ফোরণের হুমকিও দেওয়া হয়েছে, জানান মুর্শিদাবাদ জেলা বার অ্যাসোসিয়েশনের সভাপতি আবু বাক্কার সিদ্দিকি। তিনি জানান, স্নিফার ডগ দিয়ে গোটা আদালত চত্বরে তল্লাশি চালানো হচ্ছে।

পাশাপাশি চুঁচুড়া আদালতে জেলা বিচারকের মেলে একটি মেল আসে। সেখানে আরডিএক্স বিস্ফোরণ করা হবে বলে। সঙ্গে সঙ্গে পুলিশ কমিশনার ও পুলিশ সুপারকে বিষয়টি অবগত করা হয় আদালত থেকে। এরপরই চন্দননগরে পুলিশের স্পেশাল ব্রাঞ্চ আদালতে পৌঁছে যায়। আদালতে উপস্থিত মানুষজনের মধ্যে যাতে আতঙ্ক না ছড়ায় সেটা দেখা হচ্ছে। আদালতে আসা মানুষকে মেটাল ডিটেক্টর দিয়ে চেকিং করছেন পুলিশ কর্মিরা।

কিছুদিন আগে কলকাতা থেকে শিলংগামী একটি ফ্লাইটেও বোমা রাখা আছে বলে চিরকুট মিলেছিল। তাতে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিমানের শৌচাগারে ওই চিরকুট রাখা হয়েছিল। তাতে লেখা ছিল, বিমানে বোমা রাখা হয়েছে। তারফলে শোরগোল পড়ে গিয়েছিল। বিমানের ক্রু বিমানবন্দর কর্তৃপক্ষকে খবর দেন। যাত্রীদের বিমান থেকে নামিয়ে সুরক্ষিত ফাঁকা জায়গায় নিয়ে গিয়ে বিমানে তল্লাশি করা হয়েছিল। যদিও সেখান থেকেও সন্দেহজনক কিছু উদ্ধার হয়নি। গোটা ঘটনার তদন্ত চলছে।

উল্লেখ্য, গত কয়েক মাস ধরেই দিল্লির বিভিন্ন স্কুলগুলিতে বিস্ফোরণের ভুয়ো হুমকি দিয়ে আসছিল উড়ো মেল। সেই মেলগুলির নেপথ্যে কে বা কারা রয়েছে, তা জানার জন্য তদন্ত শুরু করেছিল পুলিশ। এ বার খাস কলকাতার কোর্টে বোমাতঙ্ক।


Share