Ex Police Officer Suicide

‘রেললাইন থেকে আমায় খুঁজে পাবে,’ সুইসাইড নোট লিখে আত্মঘাতী প্রাক্তন ডেপুটি কমিশনার, বাঘাযতীন ও নিউ গড়িয়া স্টেশনের মাঝে উদ্ধার মৃতদেহ

তিনি বাঁশদ্রোণী এলাকার ১৬৩, বিধানপল্লির বাসিন্দা। তিনি কলকাতা পুলিশের অবসরপ্রাপ্ত ডেপুটি কমিশনার ছিলেন বলে জানা গিয়েছে। প্রবীরবাবুর স্ত্রী আগেই মারা গিয়েছেন। তাঁর এক বিবাহিত কন্যা রয়েছেন।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২৮ নভেম্বর ২০২৬ ১০:৫৪

বাঘাযতীন ও নিউ গড়িয়া স্টেশনের মাঝের রেললাইনে উদ্ধার হল কলকাতা পুলিশের প্রাক্তন ডেপুটি কমিশনারের দেহ। মৃতের নাম প্রবীরকুমার চট্টোপাধ্যায় (৭৩)। তিনি কলকাতা পুলিশের অবসরপ্রাপ্ত ডেপুটি কমিশনার (ডিসি) ছিলেন। তাঁর বাড়ি বাঁশদ্রোণী থানা এলাকার বিধানপল্লিতে। বাড়ি থেকে সুইসাইড নেট উদ্ধার হয়েছে বলে রেল পুলিশের এক কর্তা জানিয়েছে ।

রেল পুলিশ সূত্রের শনিবার বিকেল প্রায় সাড়ে ৪টে নাগাদ যাদবপুরের স্টেশন মাস্টারের কাছে খবর আসে। এর পরে স্টেশন মাস্টার যাদবপুর জিআরপিকে খবর দেন। ওই মেমোতে জানানো হয়, এক রেলযাত্রীর কাছ থেকে খবর পাওয়া গিয়েছে যে বাঘাযতীন ও নিউ গড়িয়া স্টেশনের মাঝে ১০/১২ এবং ১০/১৪ নম্বর কিলোমিটার পোস্টের মধ্যবর্তী এলাকায় রেললাইনের ওপরে এক ব্যক্তির দেহ পড়ে রয়েছে।

খবর পেয়ে দ্রুত রেল পুলিশের আধিকারিকেরা ঘটনাস্থলে যান। পরে মৃত ব্যক্তির পরিচয় শনাক্ত করা হয়। জানা যায়, মৃত ব্যক্তির নাম প্রবীরকুমার চট্টোপাধ্যায়। তিনি বাঁশদ্রোণী এলাকার ১৬৩, বিধানপল্লির বাসিন্দা। তিনি কলকাতা পুলিশের অবসরপ্রাপ্ত ডেপুটি কমিশনার ছিলেন বলে জানা গিয়েছে। প্রবীরবাবুর স্ত্রী আগেই মারা গিয়েছেন। তাঁর এক বিবাহিত কন্যা রয়েছেন। 

ঘটনার পর মৃতের মেয়ে ও ভাইয়ের সঙ্গে রেল পুলিশের আধিকারিকেরা কথা বলেছে। রেল পুলিশ সূত্রের খবর, মৃতের মেয়ের বক্তব্য অনুযায়ী, বাড়ি থেকে বেরোনোর আগে একটি সুইসাইড নোট লিখে রেখে গিয়েছিলেন প্রবীরবাবু। সেই চিঠিতে তিনি উল্লেখ করেছিলেন, “তাঁকে বালিগঞ্জ জিআরপি অথবা শিয়ালদহ জিআরপি এলাকার মধ্যে পাওয়া যেতে পারে।” তিনি কেন আত্মঘাতী হলেন তা এখনও স্পষ্ট নয়। কী কারণে তিনি বাঘাজতীনের দিকে গিয়েছিলেন তা খতিয়ে দেখা হচ্ছে বলে রেল পুলিশের এক কর্তা জানিয়েছেন। মানসিক অবসাদে ভুগছিলেন কি না তা জানতে পরিবারের সঙ্গে পুলিশ কথা বলেছে। রহস‍্যমৃত্যুর মামলা দায়ের করেছে বালিগঞ্জ জিআরপি।

প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, শিয়ালদহমুখী আপ লাইনে আচমকাই উঠে পড়েছিলেন প্রবীরকুমার চট্টোপাধ্যায়। ট্রেনের লোকো পাইলটের বক্তব্য অনুযায়ী, ট্রেনের ধাক্কায় তাঁর মৃত্যু হয়।

এদিকে, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে যাদবপুর জিআরপি থানায় উপস্থিত হন মৃতের ভাই সুবীর চট্টোপাধ্যায়। রবিবার মৃতদেহের ময়নাতদন্ত করা হবে। তার পরে দেহ পরিবারের হাতে হস্তান্তর করে দেওয়া হবে।


Share