Mysterious Death

দমদম ক্যান্টনমেন্টে ভাড়াবাড়ি থেকে উদ্ধার রক্তাক্ত দেহ! মহিলাকে খুনের সন্দেহ, রহস্যে ‘পরিচিত’ যুবক

কিন্তু দীর্ঘ সময় ফোনে যোগাযোগ করা না-যাওয়ায় কয়েকজন পরিচিত তাঁর খোঁজে সুভাষনগরের বাড়িতে আসেন। দরজা খুলে ঘরে ঢুকতেই দেখা যায়, মেঝেতে কম্বলে ঢাকা অবস্থায় জয়ার রক্তাক্ত দেহ পড়ে রয়েছে।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, দমদম
  • শেষ আপডেট: ১৩ আগস্ট ২০২৬ ১১:৪৪

দমদম ক্যান্টনমেন্ট এলাকায় ভাড়াবাড়ি থেকে উদ্ধার মহিলার রক্তাক্ত দেহ। বুধবার রাতে সুভাষনগর এলাকার এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতার নাম জয়া প্রামাণিক (৩২)। তাঁর মৃত্যুর কারণ এখনও স্পষ্ট নয়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সুভাষনগরের একটি ভাড়াবাড়িতে থাকতেন জয়া। তাঁর তিন বছরের একটি পুত্রসন্তান রয়েছে। কর্মসূত্রে তাঁকে বিভিন্ন জায়গায় যেতে হত। তাই তিনি সন্তানকে শ্যামবাজারে এক পরিচিতের বাড়িতে রেখে আসতেন। বুধবার রাতে সন্তানকে নিয়ে নিজের ভাড়াবাড়িতে জয়ার ফেরার কথা ছিল। কিন্তু দীর্ঘ সময় ফোনে যোগাযোগ করা না-যাওয়ায় কয়েকজন পরিচিত তাঁর খোঁজে সুভাষনগরের বাড়িতে আসেন। দরজা খুলে ঘরে ঢুকতেই দেখা যায়, মেঝেতে কম্বলে ঢাকা অবস্থায় জয়ার রক্তাক্ত দেহ পড়ে রয়েছে। তাঁর শরীরে একাধিক আঘাতের চিহ্নও মিলেছে বলে পুলিশ সূত্রে খবর।

স্থানীয়দের দাবি, বেদিয়াপাড়ার ঝিল কলোনি এলাকার এক যুবক প্রায়ই জয়ার বাড়িতে আসতেন। ঘটনার সঙ্গে তাঁর কোনও যোগ রয়েছে কি না, পুলিশ তা খতিয়ে দেখছে। মৃত্যুরহস্যের জট খুলতে তদন্তকারীরা ওই যুবককে জিজ্ঞাসাবাদ করতে চাইছেন। জয়ার মৃত্যু খুন নাকি অন্য কোনও কারণে, তা ময়নাতদন্তের রিপোর্ট ও তদন্তের পরই স্পষ্ট হবে।

ঘটনার খবর পেয়ে পুলিশ রাতেই দেহটি উদ্ধার করে সাগর দত্ত মেডিক্যাল কলেজে পাঠায়। সেখানেই ময়নাতদন্ত হবে। প্রাথমিক তদন্তে এটিকে খুনের ঘটনা বলেই পুলিশ মনে করছে। স্থানীয়দের একাংশের দাবি, জয়া যৌনকর্মী হিসেবে কাজ করতেন। কী কারণে তাঁকে খুন করা হল, তদন্তকারীরা তা খতিয়ে দেখছেন। এ দিকে, ভাড়াবাড়ির সামনে থাকা একটি সিসি ক্যামেরা ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে। তবে ওই বাড়িতে কারা ঢুকেছিলেন বা বেরিয়েছিলেন, তার কিছু ফুটেজ পুলিশের হাতে এসেছে। সেই ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর। মৃতার পরিচিত এবং কয়েক জন আত্মীয়কেও তদন্তকারীরা জিজ্ঞাসাবাদ করছেন।


Share