BJP Reshuffle

বিজেপির সাংগঠনিক রদবদল, পশ্চিমবঙ্গের দায়িত্বে সুনীল বনসল, সরিয়ে দেওয়া হল অমিত মালব‍্য, মঙ্গল পাণ্ডে, সতীশ ধন্দদের

বুধবার বড়সড় রদবদল করল বিজেপি। বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন ২৮টি রাজ্য এবং ৮টি কেন্দ্রশাসিত অঞ্চলের জন্য নতুন পর্যবেক্ষক ও সহ-পর্যবেক্ষকদের নাম ঘোষণা করেছেন।

বিজেপির সভাপতি নিতিন নবীন এবং সাধারণ সম্পাদক সুনীল বনসল।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২৬ ০৬:৫৩

নতুন সাংগঠনিক রদবদলে পশ্চিমবঙ্গ বিজেপির পর্যবেক্ষক বা ইনচার্জ হিসেবে সুনীল বনসলকে দায়িত্ব দিয়েছে বিজেপি। তাঁর সঙ্গে রাজ্যের সহ-পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পেয়েছেন লাল সিংহ আর্য, রাজেন্দ্র সিংহ এবং পিঙ্কি কুশওয়াহা। বিজেপির জাতীয় সভাপতি নীতিন নবীনের অনুমোদনে বুধবার এই নিয়োগ ঘোষণা করা হয়। নতুন দায়িত্বগুলি অবিলম্বে কার্যকর হয়েছে।

পশ্চিমবঙ্গের পাশাপাশি তেলঙ্গানার দায়িত্বও সুনীল বনসলের হাতে রাখা হয়েছে। তেলঙ্গানায় তাঁর সঙ্গে সহ-পর্যবেক্ষক হিসেবে থাকছেন অভয় পাটিল ও রেখা শর্মা। ফলে একই কেন্দ্রীয় নেতার অধীনে দুই রাজ্যের সাংগঠনিক দায়িত্ব থাকছে।

এই নিয়োগ বিজেপির বৃহত্তর সাংগঠনিক পুনর্বিন্যাসের অংশ। দলের তরফে ২৮টি রাজ্য এবং ৮টি কেন্দ্রশাসিত অঞ্চলের জন্য পর্যবেক্ষক ও সহ-পর্যবেক্ষক নিয়োগ করা হয়েছে। একাধিক নেতাকে একসঙ্গে একাধিক রাজ্যের দায়িত্ব দেওয়া হয়েছে।

জাতীয় স্তরে স্মৃতি ইরানিকে হরিয়ানা ও ছত্তীসগঢ়ের দায়িত্ব দেওয়া হয়েছে। রাম মাধবকে তামিলনাড়ু ও উত্তরাখণ্ড, সতীশ পুনিয়াকে পঞ্জাব ও জম্মু-কাশ্মীর এবং হরিশ দ্বিবেদীকে বিহার ও কর্নাটকের দায়িত্ব দেওয়া হয়েছে। উত্তরপ্রদেশের দায়িত্ব পেয়েছেন বিনোদ তাওড়ে, মহারাষ্ট্রের দায়িত্বে রয়েছেন বৈজয়ন্ত জয় পাণ্ডা এবং গুজরাটের দায়িত্ব পেয়েছেন তরুণ চুঘ।

পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এই সাংগঠনিক পরিবর্তন ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে কার্যকর হল। পর্যবেক্ষক ও সহ-পর্যবেক্ষকদের দায়িত্বের মধ্যে রাজ্য সংগঠনের সঙ্গে কেন্দ্রীয় নেতৃত্বের সমন্বয় এবং সাংগঠনিক কার্যক্রমের পর্যালোচনা থাকবে। নতুন দায়িত্বে রাজ্য বিজেপির সাংগঠনিক কর্মকাণ্ড কীভাবে পরিচালিত হয়, সেদিকেই এখন নজর।


Share