Road Accident

নাগেরবাজারে ভয়াবহ দুর্ঘটনা, উড়ালপুল থেকে ছিটকে নীচে পড়ে মৃত্যু বাইক আরোহীর

অভিযোগ, বেপরোয়া গতিতে আসা একটি গাড়ির ধাক্কায় উড়ালপুল থেকে নীচে ছিটকে পড়েন তিনি। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই ব্যক্তির।

প্রতীকী চিত্র
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২৮ মে ২০২৬ ০৩:৩২

নাগেরবাজার উড়ালপুলে পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন এক মোটরবাইক আরোহী। বৃহস্পতিবার দুপুরে নাগেরবাজার উড়ালপুলের ওপর ঘটনাটি ঘটে। অভিযোগ, একটি গাড়ি বেপরোয়া গতিতে আসছিল। সেই গাড়ির ধাক্কায় ছিটকে উড়ালপুল থেকে ওই ব্যক্তি নীচে পড়ে যান। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় বলে জানা গিয়েছে।

পুলিশ সূত্রে খবর, এয়ারপোর্টের দিক থেকে একটি গাড়ি নাগেরবাজারের দিকে আসছিল। সেই সময় উল্টোদিক থেকে অর্থাৎ নাগেরবাজার থেকে এয়ারপোর্টমুখী একটি মোটরবাইক উড়ালপুলের ওপর দিয়ে যাচ্ছিল। প্রত্যক্ষদর্শীদের দাবি, অত্যন্ত দ্রুত গতিতে থাকা গাড়িটির সঙ্গে বাইকের মুখোমুখি ধাক্কা লাগে। সংঘর্ষের অভিঘাত প্রবল ছিল তাতে বাইক আরোহী সোজা উড়ালপুলের ওপর থেকে নীচে ছিটকে পড়েন।

ঘটনার পর উড়ালপুলের উপর মোটর বাইকের ভাঙ্গা অংশ ছড়িয়ে পড়ে থাকে। মৃত ব্যক্তির বয়স প্রায় ৫০ বছর বলে জানা গিয়েছে। স্থানীয়দের অভিযোগ, গাড়িটির গতি নিয়ন্ত্রণের বাইরে ছিল। একই সঙ্গে আরও একটি বাইকের সঙ্গেও ওই গাড়ির ধাক্কা লাগে বলে জানা গিয়েছে। যদিও দ্বিতীয় বাইক আরোহী অল্পের জন্য প্রাণে বেঁচে যান।

দুর্ঘটনায় গাড়ি এবং মোটরবাইক দু’টিই ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। খবর পেয়ে নাগেরবাজার থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছোয়। গাড়িচালককে আটক করা হয়েছে। পাশাপাশি দুর্ঘটনাগ্রস্ত গাড়ি ও বাইক তদন্তের জন্য থানায় নিয়ে যাওয়া হয়েছে।

হঠাৎ এই মর্মান্তিক দুর্ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। উড়ালপুলের ওপর নিরাপত্তা এবং বেপরোয়া গতির যান চলাচল নিয়ে ফের প্রশ্ন উঠতে শুরু করেছে স্থানীয়দের মধ্যে।


Share