Mysterious Death

পোস্তার রহস্যমৃত্যুতে বড় মোড়, শিখা সিং গ্রেফতার, কলকাতা পুলিশের জালে জট খুলছে রাজেন্দ্র শর্মা-র মৃত্যু রহস্য

প্রায় দু’মাস আগে ৪০ বছর বয়সি রাজেন্দ্র শর্মা-র মৃত্যুর রহস্য ভেদ করতে গিয়ে তদন্তকারীরা শিখার বিরুদ্ধে একাধিক সন্দেহজনক তথ্য পান। তাঁকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে তদন্ত এগিয়ে নিয়ে যেতে চাইছে পুলিশ।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, পোস্তা
  • শেষ আপডেট: ১৪ ফেব্রুয়ারি ২০২৬ ০৭:২২

গত ডিসেম্বরের একটি ঘটনার জেরে পোস্তা এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছিল। অভিযোগ ছিল, ঘরের মধ্যে প্রেমিকাকে কুপিয়ে এক বহুতল থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন প্রেমিক। সেই ঘটনার তদন্তে নতুন মোড়, ওই যুবকের অস্বাভাবিক মৃত্যুর মামলায় প্রেমিকা শিখা সিং-কে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ। তদন্তকারীরা খতিয়ে দেখছেন, এটি আত্মহত্যা ছিল নাকি তাঁকে বারান্দা থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়েছিল।

প্রায় দু’মাস আগে ৪০ বছর বয়সি রাজেন্দ্র শর্মা-র মৃত্যুর রহস্য ভেদ করতে গিয়ে তদন্তকারীরা শিখার বিরুদ্ধে একাধিক সন্দেহজনক তথ্য পান। তাঁকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে তদন্ত এগিয়ে নিয়ে যেতে চাইছে পুলিশ।

ঘটনার সূত্রপাত ১৬ ডিসেম্বর শিবঠাকুর লেনে। জানা যায়, শিখার স্বামী দীপু সিং জীবিত থাকাকালীনই রাজেন্দ্রর সঙ্গে তাঁর পরিচয় ছিল, যা পরে ঘনিষ্ঠতায় বদলায়। ঘটনার দিন ভোরবেলা শিখার বাড়িতে যান রাজেন্দ্র। কিছুক্ষণের মধ্যেই বহুতলের নীচে রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা তাঁকে পড়ে থাকতে দেখেন।

পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেখে শিখাও জখম। তাঁর দাবি ছিল, রাজেন্দ্র খুনের উদ্দেশ্যে এসে তাঁকে এলোপাথাড়ি কুপিয়ে নিজেই বারান্দা থেকে ঝাঁপ দেন। কিন্তু রাজেন্দ্রর বাবার অভিযোগের পরই তদন্তের দিশা বদলায়। তিনি ছেলের মৃত্যুর জন্য শিখাকেই দায়ী করেন।

হাসপাতালের বেডে শুয়ে শিখা বয়ান দেন, রাজেন্দ্র ছুরি হাতে ঝাঁপ দিয়েছিলেন এবং তিনি তাঁকে বাঁচানোর চেষ্টা করেন। তিনতলার বারান্দা থেকে সংগৃহীত রক্তের নমুনা ও উদ্ধার হওয়া ছুরির ফরেন্সিক পরীক্ষাও করা হয়, যার রিপোর্ট ইতিমধ্যে পুলিশের হাতে এসেছে।

সেই রিপোর্ট থেকে একাধিক গুরুত্বপূর্ণ সূত্র মিলেছে বলে জানা গিয়েছে। এখন প্রশ্ন উঠছে, রাজেন্দ্র কি সত্যিই আত্মহত্যা করেছিলেন, নাকি ধস্তাধস্তির মাঝে বারান্দার ধারে গিয়ে পড়ে যান এবং তখন ধাক্কা দেওয়া হয়? তদন্তে শিখার ভূমিকা সামনে আসায় সুস্থ হওয়ার পর তাঁকে খুনের অভিযোগে গ্রেফতার করা হয়েছে।


Share