Assembly Election

বিধানসভা নির্বাচনের জন‍্য পুলিশের নোডাল অফিসার নিয়োগ করল রাজ্য পুলিশ, আটজন আইপিএস অফিসারকে দেওয়া হল দায়িত্ব

একে অপরের সঙ্গে সমন্বয়ের স্থাপনের দায়িত্ব দেওয়া হয়েছে কঙ্করপ্রসাদ বারুইকে। নির্বাচনের পোস্টাল ব‍্যালট সংক্রান্ত দায়িত্ব দেওয়া হয়েছে বিশ্বজিৎ ঘোষকে। বিশ্বজিৎ বর্তমানে আইনী পরামর্শ বিভাগের ডিআইজি পদে কর্মরত রয়েছেন।

প্রতীকী চিত্র
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২৬ ১০:০৩

আগামী মার্চ মাসেই ঘোষণা হতে পারে বিধানসভা নির্বাচনের দিনক্ষণ। কমিশনের নির্দেশে নোডাল অফিসারদের তালিকা তৈরি করে ফেলল রাজ্য পুলিশ। তালিকায় আটজন আইপিএস অফিসারকে রাখা হয়েছে। বুধবার বিজ্ঞপ্তি জারি করে এমনটাই জানিয়ে দেওয়া হয়েছে।

বুধবার সাতজন ডিআইজি এবং একজন আইজি পদমর্যাদার অফিসারের নাম ঘোষণা করেছে ভবানী ভবন। নির্বাচনের আগে এবং পরে সমাজমাধ্যমে ভুয়ো খবর ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। তা থেকে বিভিন্ন জায়গায় অশান্তি ছড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। তাই সমাজমাধ‍্যমের ওপর তীক্ষ্ণ নজরদারি চালাবে পুলিশ। সেই দায়িত্ব পালন করবেন সুনীলকুমার যাদব। তিনি বর্তমানে রাজ‍্য পুলিশের উপকূল নিরাপত্তার দায়িত্বে রয়েছেন।

নির্বাচন সময় সন্দেহজনক গাড়িগুলিতে নিয়মিত তল্লাশি চলে। কোনও ভাবেই যাতে ভিন রাজ্য থেকে অস্ত্র, মাদক এরাজ‍্যে না পৌঁছোয় তা নিশ্চিত করতে হয়। পরিবহণ সংক্রান্ত বিষয়ে নজরদারির দায়িত্ব দেওয়া হয়েছে সব‍্যসাচীরমন মিশ্রকে। তিনি বর্তমানে রাজ্য পুলিশের সিআইএফ-এ আইজি হিসেবে কর্মরত রয়েছেন।

নির্বাচনের আগে এবং পরে অশান্তি ছড়ানোর সম্ভাবনা থাকে। তার প্রভাব নির্বাচনে পড়ে। তাই সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনা জন‍্য এক জায়গা থেকে অন্য জায়গায় যাতে পুলিশ দ্রুত পৌঁছে যেতে পারে তা নিশ্চিত করার প্রয়োজন রয়েছে। সেই সংক্রান্ত দায়িত্ব দেওয়া হয়েছে অঞ্জলি সিংহকে। তিনি বর্তমানে রাজ্য পুলিশে ট্রাফিকের ডিআইজি পদে কর্মরত আছেন।

নির্বাচনের আগে প্রচারে আসেন প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং একাধিক ভিআইপিরা। এর পাশাপাশি তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভোটপ্রচারের জন‍্য রাজ‍্যজুড়ে বিভিন্ন রাজনৈতিক কর্মসূচী করবেন। তাঁদের পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া অত‍্যন্ত গুরুত্বপূর্ণ। সেই কাজটি নিশ্চিত করবেন অভারু রবীন্দ্রনাথ। অভারু বর্তমানে মুখ্যমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে রয়েছেন। 

এ ছাড়াও, এইচকিউআরএস-এ কর্মরত রশিদ মুনির খানকে নির্বাচন সংক্রান্ত বাহীনির প্রশিক্ষণের দায়িত্ব দেওয়া হয়েছে। একে অপরের সঙ্গে সমন্বয়ের স্থাপনের দায়িত্ব দেওয়া হয়েছে কঙ্করপ্রসাদ বারুইকে। নির্বাচনের পোস্টাল ব‍্যালট সংক্রান্ত দায়িত্ব দেওয়া হয়েছে বিশ্বজিৎ ঘোষকে। বিশ্বজিৎ বর্তমানে রাজ‍্য পুলিশের আইনী পরামর্শ বিভাগের ডিআইজি পদে কর্মরত রয়েছেন।


Share