Railway Update

সপ্তাহান্তে বড় ভোগান্তির আশঙ্কা! বরাহনগর-দক্ষিণেশ্বর সেতুতে গার্ডার বদলের কাজ, শিয়ালদহ-ডানকুনি-সহ একাধিক শাখায় ট্রেন বাতিল ও রুট পরিবর্তন

তাই আগামী রবিবার রাত একটা থেকে ওই অংশে ১০ ঘণ্টার পাওয়ার ব্লক থাকবে। এর জেরে নির্দিষ্ট সময়ের জন্য ট্রেন চলাচলে প্রভাব পড়বে। তবে রবিবার সকাল ১১টার পর থেকে ওই লাইনে ফের স্বাভাবিকভাবে ট্রেন চলাচল শুরু হবে।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০৪ জুলাই ২০২৬ ১২:৩৯

সপ্তাহান্তে ফের শিয়ালদহ-ডানকুনি শাখায় ১০ ঘণ্টার ‘পাওয়ার ব্লক’ নিয়ে রক্ষণাবেক্ষণের কাজ করবে পূর্ব রেল। এর জেরে ওই সময় ট্রেন চলাচলের সূচিতে একাধিক পরিবর্তন আনা হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, বেশ কয়েকটি লোকাল ট্রেন বাতিল থাকবে। পাশাপাশি কিছু মেল ও এক্সপ্রেস ট্রেনের যাত্রাপথও সাময়িকভাবে পরিবর্তন করা হয়েছে।

রেলের তরফে জানানো হয়েছে, পরিকাঠামোকে আরও শক্তিশালী ও নিরাপদ করে তুলতে বরাহনগর ও দক্ষিণেশ্বর স্টেশনের মাঝের রেলসেতুতে গুরুত্বপূর্ণ রক্ষণাবেক্ষণের কাজ করা হবে। এই কাজের অংশ হিসেবে সেতুর গার্ডার বদলানো হবে। তাই আগামী রবিবার রাত একটা থেকে ওই অংশে ১০ ঘণ্টার পাওয়ার ব্লক থাকবে। এর জেরে নির্দিষ্ট সময়ের জন্য ট্রেন চলাচলে প্রভাব পড়বে। তবে রবিবার সকাল ১১টার পর থেকে ওই লাইনে ফের স্বাভাবিকভাবে ট্রেন চলাচল শুরু হবে।

পাওয়ার ব্লকের জন্য শিয়ালদহ-ডানকুনি শাখার আপ ও ডাউন লাইনে মোট আট জোড়া লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। শুধু এই শাখাই নয়, শিয়ালদহ-কল্যাণী সীমান্ত, শিয়ালদহ-নৈহাটি, বিধাননগর রোড-নৈহাটি, শিয়ালদহ-হাবরা এবং নৈহাটি-ব্যান্ডেল শাখাতেও একাধিক লোকাল ট্রেন বাতিল থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এ ছাড়াও, একাধিক এক্সপ্রেস ট্রেনের যাত্রাপথে পরিবর্তন আনা হয়েছে। শিয়ালদহ-আগরতলা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস এবং অকাল তখত এক্সপ্রেস দমদম-নৈহাটি রুট ধরে চলাচল করবে। ডাউন লাইনে দার্জিলিং মেল, উত্তরবঙ্গ এক্সপ্রেস, পদাতিক এক্সপ্রেস, কাঞ্চনকন্যা এক্সপ্রেস, আগরা ক্যান্ট-কলকাতা এক্সপ্রেস এবং শিয়ালদহ রাজধানী এক্সপ্রেসও দমদম-নৈহাটি রুট ব্যবহার করবে। অন্য দিকে, পুরী-শিয়ালদহ দুরন্ত এক্সপ্রেস বর্ধমান হয়ে নৈহাটি রুট দিয়ে শিয়ালদহে পৌঁছোবে।

রেলের তরফে জানানো হয়েছে, যাত্রীদের অসুবিধা কমানোর উদ্দেশ্যে সপ্তাহান্তে এই কাজের পরিকল্পনা করা হয়েছে। শিয়ালদহের ডিআরএম রাজীব সাক্সেনা বলেন, ‘‘পরিকাঠামোকে সর্বোচ্চ নিরাপত্তা মানে বজায় রাখার জন্য সেতুর গার্ডার পরিবর্তন অত্যন্ত প্রয়োজনীয়। আরও নিরাপদ ও দ্রুত রেলযাত্রা নিশ্চিত করতে রেল বদ্ধপরিকর।’’


Share