Suvendu Adhikari

মমতার দেওয়া বঙ্গবিভূষণ ফেরত নিল রাজ‍্য সরকার, সুভাষ বসুকে নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে অনন্ত মহারাজের বিরুদ্ধে পদক্ষেপ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

রাজ‍্য সরকার আরও জানিয়েছে, অনন্ত মহারাজ আর নিজেকে ‘বঙ্গবিভূষণ’ সম্মানপ্রাপক হিসেবে পরিচয় দিতে পারবেন না। এই সম্মান থেকে উদ্ভূত কোনও স্বীকৃতি, সুবিধা, অধিকার বা মর্যাদাও তিনি ভবিষ্যতে দাবি বা ব্যবহার করতে পারবেন না। এর পরেই ‘বঙ্গবিভূষণ’ সম্মানপ্রাপকদের সরকারি তালিকা থেকে তাঁর নাম মুছে ফেলার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে নির্দেশ দেওয়া হয়েছে।

অনন্ত মহারাজের বঙ্গবিভূষণ পুরস্কার কেড়ে নিল রাজ্য সরকার।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১৩ আগস্ট ২০২৬ ০৬:৪৮

সুভাষচন্দ্র বসুকে নিয়ে বিতর্কিত মন্তব্যের অভিযোগে নগেন্দ্র রায় ওরফে অনন্ত মহারাজের বঙ্গবিভূষণ কেড়ে নিল রাজ‍্য সরকার। বৃহস্পতিবার দুপুরে নবান্নের তরফে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এ বার থেকে বিজেপি সাংসদ অনন্ত মহারাজ নিজেকে ‘বঙ্গবিভূষণ’ বলে পরিচয় দিতে পারবেন না।

গত ২১ ফেব্রুয়ারি নগেন্দ্র রায় ওরফে অনন্ত মহারাজ বঙ্গবিভূষণ পুরস্কার পেয়েছিলেন। তখন মুখ্যমন্ত্রী ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর হাত থেকেই তিনি পুরস্কার নিয়েছিলেন। “নবান্নের জারি করা নির্দেশিকায় বলা হয়েছে, এই সম্মান রাজ্য ও রাজ্যের মানুষের প্রতি বিশিষ্ট ও অনুকরণীয় অবদানের স্বীকৃতি হিসেবে প্রদান করা হয়েছিল। এর সঙ্গে উচ্চ মর্যাদা ও সম্মান যুক্ত রয়েছে। কিন্তু সম্মান প্রদানের পর এমন কিছু তথ্য ও পরিস্থিতি সরকারের নজরে এসেছে, যা যথেষ্ট গুরুতর। সরকারের কাছে থাকা যাবতীয় নথি এবং তথ্য যথাযথ ভাবে খতিয়ে দেখা হয়েছে।”

সরকারের বক্তব্য, যে সমস্ত তথ্য খতিয়ে দেখে সরকার মনে করছে, নগেন্দ্র রায় ওরফে অনন্ত মহারাজের কাছে ওই সম্মান বহাল রাখা উচিত কি না। তা সম্মানের মর্যাদা, গুরুত্ব ও উদ্দেশ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কি না তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। বিবেচনার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মনে করেছে যে, নগেন্দ্র রায় ওরফে অনন্ত মহারাজের কাছে ‘বঙ্গবিভূষণ’ সম্মান বহাল রাখা ওই সম্মানের মর্যাদা, গুরুত্ব ও উদ্দেশ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তাই নগেন্দ্র রায় ওরফে অনন্ত মহারাজকে প্রদান করা ‘বঙ্গবিভূষণ’ সম্মান সরকার অবিলম্বে প্রত্যাহার  এবং বাতিল করছে।

Share