RG Kar Corruption Case

হাসপাতালে ভর্তি হয়েও হল না শেষ রক্ষা, আরজি কর হাসপাতালে দুর্নীতি মামলায় আখতার আলিকে গ্রেফতারের নির্দেশ আদালতের

গ্রেফতারি এড়াতে আগাম জামিনের আর্জি জানিয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন আখতার আলি। কিন্তু বুধবার হাই কোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত আগাম জামিনের আর্জি খারিজ করে দেন।

দুর্নীতির অভিযোগে অভিযুক্ত আখতার আলি।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০৬ ফেব্রুয়ারি ২০২৬ ০১:৩৫

আরজি কর মেডিকেলে দুর্নীতি মামলায় প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলিকে গ্রেফতার করার নির্দেশ দিল আদালত। আলিপুরের বিশেষ সিবিআই আদালত এই নির্দেশ দিয়েছে। বৃহস্পতিবার তাঁকে আদালতে হাজির হতে বলা হয়েছিল। কিন্তু তিনি আসেননি। তিনি বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন। আদালতের পর্যবেক্ষণ, তিনি ইচ্ছাকৃত ভাবে হাজির হননি। তাই তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত।

আরজি কর মেডিকেলে ধর্ষণ খুনের ঘটনার পরে দুর্নীতির অভিযোগ সামনে আসে। ডেপুটি সুপার আখতার আলি কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন। আদালতের নির্দেশে তদন্তভার যায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআইয়ের হাতে। সেই ঘটনায় কলেজের প্রিন্সিপাল সন্দীপ ঘোষ, আশিস পান্ডে, আফসার আলি খান, বিপ্লব সিংহ এবং সুমন হাজরার নামে চার্জশিট দেয়। পরে মামলাকারী আখতার আলি এবং শশীকান্ত চন্দক নামে দু’জনের নামে দুর্নীতির অভিযোগে চার্জশিট জমা দেয় সিবিআই।

সূত্রের খবর, চার্জশিটে নাম থাকা সকল অভিযুক্তের বিরুদ্ধেই আইপিসির ৪৭১ ধারা যুক্ত করার আবেদন জানিয়েছে সিবিআই। অভিযোগ, নথি জালিয়াতির মাধ্যমে দীর্ঘদিন ধরে আরজি করের আর্থিক অনিয়ম চলছিল। চার্জশিটে আইপিসির ১২০বি, ৪২০, ৪০৯, ৪৬৭ ও ৪৬৮ ধারার পাশাপাশি দুর্নীতি দমন আইনের ৭ ও ১৩ ধারাও যুক্ত করা হয়েছে। তদন্তকারী সংস্থার দাবি, প্রায় এক দশক ধরেই এই আর্থিক অনিয়মের শিকড় ছড়িয়ে ছিল।

ঘটনায় গ্রেফতারি এড়াতে আগাম জামিনের আর্জি জানিয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন আখতার আলি। কিন্তু বুধবার হাই কোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত আগাম জামিনের আর্জি খারিজ করে দেন।

এ দিন আদালতে সন্দীপ ঘোষের আইনজীবীর দাবি করেন, আখতার আলি দুর্নীতি করেছেন। পরে সুবিধা করতে না পারায় অভিযোগ তুলেছেন। প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলিকে আদালতে হাজির হতে বলা হলেও তিনি হাজিরা দেননি। তাঁর আইনজীবী জানান, তিনি বর্তমানে অসুস্থ। হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে। তাই তিনি হাজিরা দিতে পারেননি। আলিপুর বিশেষ সিবিআই আদালত মনে করেছে, দুর্নীতির অভিযোগে অভিযুক্ত আখতার আলি ইচ্ছাকৃত ভাবে হাজিরা এড়িয়ে গিয়েছেন। তাই তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত।


Share