DA

অবশেষে মিলছে বকেয়া ডিএ! সরকারি সাহায্যপ্রাপ্ত কর্মীদের টাকা মেটাতে ১৫ দিনের ডেডলাইন রাজ্যের

সরকার পরিবর্তনের পর একাধিকবার বিষয়টি নিয়ে আলোচনা হলেও তাঁদের বকেয়া ডিএ মেটানো হয়নি। অবশেষে সেই জট কাটিয়ে বকেয়া ডিএ প্রদানের প্রশাসনিক প্রক্রিয়া শুরু হয়েছে বলে সূত্রের দাবি।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০৬ আগস্ট ২০২৬ ০২:৫৬

সরকারি সাহায্যপ্রাপ্ত কর্মীদের জন্য সুখবর। দীর্ঘ প্রতীক্ষার পর তাঁদের বকেয়া মহার্ঘ্য ভাতা মেটানোর প্রক্রিয়া শুরু করল রাজ্য সরকার। সংশ্লিষ্ট দফতরগুলিকে আগামী ১৫ দিনের মধ্যে বকেয়া ডিএ-র বিল প্রস্তুত রাখার নির্দেশ দেওয়া হয়েছে বলে প্রশাসনিক সূত্রে খবর।

বকেয়া ডিএ সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে চলতি বছরের মার্চ মাসেই সরকারি কর্মীদের বকেয়া ডিএ-র একটি অংশ তাঁদের প্রভিডেন্ট ফান্ডে জমা করা হয়েছিল। একই সঙ্গে অবসরপ্রাপ্ত কর্মীরাও তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেই অর্থ পেয়ে যান। তবে সরকারি সাহায্যপ্রাপ্ত (গ্রান্ট-ইন-এইড) স্কুলের শিক্ষক-শিক্ষাকর্মী, পঞ্চায়েত ও পুরসভার কর্মীরা এতদিন সেই সুবিধা থেকে বঞ্চিত ছিলেন। সরকার পরিবর্তনের পর একাধিকবার বিষয়টি নিয়ে আলোচনা হলেও তাঁদের বকেয়া ডিএ মেটানো হয়নি। অবশেষে সেই জট কাটিয়ে বকেয়া ডিএ প্রদানের প্রশাসনিক প্রক্রিয়া শুরু হয়েছে বলে সূত্রের দাবি।

বিভিন্ন সরকারি দফতরের অধীনস্থ আইটি কর্মীদের, যাঁরা বেতন ও অন্যান্য প্রশাসনিক পোর্টালে বিল আপলোডের দায়িত্বে রয়েছেন, আপাতত অন্য কোনও আর্থিক বকেয়ার বিল সংশ্লিষ্ট পোর্টালগুলিতে জমা না দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পরিবর্তে আগামী ১৫ দিনের মধ্যে বকেয়া ডিএ-র বিল প্রস্তুত রাখতে বলা হয়েছে সব দফতরকে। অর্থ দফতর সূত্রে জানা গিয়েছে, সরকারি কোষাগার থেকে সরাসরি স্থায়ী বেতন পান না এমন অনুদানপ্রাপ্ত সংস্থার কর্মীদের দীর্ঘদিনের বকেয়া ডিএ মিটিয়ে দেওয়াই এখন সরকারের অগ্রাধিকার। এর আওতায় রয়েছেন সরকার অনুমোদিত স্কুলের শিক্ষক ও শিক্ষাকর্মী, পঞ্চায়েত ও পুরসভার কর্মী, বিভিন্ন বিধিবদ্ধ বোর্ড এবং কর্পোরেশনের কর্মীরা। তাঁদের ‘রোপা ২০০৯’ অনুযায়ী প্রাপ্য বকেয়া ডিএ-র অর্থ পরিশোধের প্রস্তুতি শুরু হয়েছে।


Share    

DA