Murder Case

মোবাইল ফোন নিয়ে বচসা, তপসিয়ায় বর্ধমানের যুবককে পিটিয়ে খুন, গ্রেফতার অভিযুক্ত তৌসিফ

অভিযোগ, মারধরের জেরে গুরুতর জখম হয়ে হাসপাতালে মারা যান তারকনাথ সামন্ত। ঘটনার পর সিসিটিভি ফুটেজের ভিত্তিতে অভিযুক্ত তৌফিক আনসারিকে গ্রেফতার করেছে পুলিশ।

প্রতীকী চিত্র
নিজস্ব সংবাদদাতা, তপসিয়া
  • শেষ আপডেট: ০৯ এপ্রিল ২০২৬ ০২:০১

মোবাইল ফোন নিয়ে বচসা। আর তার জেরেই এক যুবকের প্রাণ গেল। তপসিয়ার সাউথ রোড এলাকায় ঘটনাটি ঘটেছে। মৃতের নাম তারকনাথ সামন্ত। তিনি বর্ধমানের বাসিন্দা। স্থানীয় একটি দোকানে কাজ করতেন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার গভীর রাতে একই এলাকার আর এক দোকানের কর্মীর সঙ্গে বিবাদ বাধে। দোকানদারের নাম তৌফিক আনসারি। দুই ব্যক্তির মধ্যে মোবাইল ফোন নিয়ে ঝামেলা শুরু হয়। সেই বচসা ক্রমে হাতাহাতিতে গড়ায়। অভিযোগ, উত্তেজনার বশে তৌফিক তারকনাথকে বেধড়ক মারধর করতে শুরু করে। এর জেরে তারক গুরুতর জখম হন। রক্তাক্ত অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়েন। এমনকী, মাটিতে পড়ে যাওয়ার পরও তাঁকে লাথি মারা হয় বলে অভিযোগ।

ঘটনাস্থলের কাছেই একটি বহুতল ছিল। সেখানের নিরাপত্তারক্ষীরা রক্তাক্ত অবস্থায় তারকনাথকে উদ্ধার করে। দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে তপসিয়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছোয়। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তকে চিহ্নিত করা হয়। এরপর বেনিয়াপুকুর এলাকায় তল্লাশি চালিয়ে বুধবার তৌফিক আনসারিকে পুলিশ গ্রেফতার করে। তাঁর বিরুদ্ধে খুনের মামলা রুজু করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ধৃতকে জেরা করে ঘটনার পূর্ণ বিবরণ জানার চেষ্টা চলছে।


Share