Mysterious Death

১৬ মাসে ৮ মৃত্যু! ফের ছাত্রের অস্বাভাবিক মৃত্যুতে প্রশ্নের মুখে খড়্গপুর আইআইটি ক্যাম্পাসের নিরাপত্তা

পরে পুলিশ এসে দেহ উদ্ধার করে ক্যাম্পাসের বিসি রায় হাসপাতালে নিয়ে যায়, যেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।

খড়্গপুর আইআইটি
নিজস্ব সংবাদদাতা, খড়্গপুর
  • শেষ আপডেট: ১৮ এপ্রিল ২০২৬ ০৬:৪৬

খড়্গপুর আইআইটি-এর ক্যাম্পাসে এক পড়ুয়ার রহস্যমৃত্যু। মৃতের নাম জয়বীর সিং দারিয়া (২১)। তিনি ম্যানুফ্যাকচারিং ইঞ্জিনিয়ারিংয়ের তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন। শনিবার সকালে ক্যাম্পাসের অটলবিহারী বাজপেয়ী হলের সামনে থেকে তাঁর রক্তাক্ত দেহ উদ্ধার করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় হিজলি ফাঁড়ির পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, জয়বীর গুজরাটের আমেদাবাদের বাসিন্দা। এ দিন সকালে ক্যাম্পাসের নিরাপত্তারক্ষীরাই প্রথম তাঁকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। তাঁরা আইআইটি কর্তৃপক্ষকে খবর দেন। পরে পুলিশ এসে দেহ উদ্ধার করে ক্যাম্পাসের বিসি রায় হাসপাতালে নিয়ে যায়, যেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।

মৃত্যুর সঠিক কারণ এখনও স্পষ্ট নয়। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, জয়বীর পাঁচতলা ভবনের ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে থাকতে পারেন। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে, রিপোর্ট এলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে মনে করা হচ্ছে। তবে এখনও পর্যন্ত আইআইটি কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি।

উল্লেখযোগ্যভাবে, গত ১৬ মাসে আইআইটি ক্যাম্পাসে এই নিয়ে মোট আট জন পড়ুয়া ও গবেষকের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৭ জনের মৃত্যু ক্যাম্পাসের ভিতরেই ঘটে, যার মধ্যে ৫ জনের ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছিল। একের পর এক এমন ঘটনায় পড়ুয়াদের নিরাপত্তা ও মানসিক স্বাস্থ্যের প্রশ্ন নতুন করে সামনে উঠে আসছে।


Share