Special Intensive Rivision

২৪ ঘণ্টায় ফের নতুন সাপ্লিমেন্টারি তালিকা, ৩৮ লক্ষ ভোটারের তথ্য নিষ্পত্তি কমিশনের

২৩ মার্চ নির্বাচন কমিশন প্রথম সাপ্লিমেন্টারি প্রকাশ করে। শুক্রবার গভীর রাতে দ্বিতীয় দফার অতিরিক্ত তালিকা সামনে আসে। তার মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই শনিবার রাতে প্রকাশিত হল তৃতীয় অতিরিক্ত তালিকা।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২৮ মার্চ ২০২৬ ১১:২৮

পশ্চিমবঙ্গে নির্বাচন কমিশন শনিবার রাতে চতুর্থ দফার অতিরিক্ত ভোটার তালিকা প্রকাশ করেছে। এর ফলে এখনও পর্যন্ত মোট তিন দফায় অতিরিক্ত তালিকা প্রকাশিত হলেও, নিষ্পত্তি হওয়া ভোটারদের মধ্যে কত জনের নাম নতুন করে যুক্ত হয়েছে এবং কত জন বাদ পড়েছেন সেই তথ্য আলাদা করে জানায়নি কমিশন। আগের দুই দফার মতো এ বারও সেই সংখ্যাগত বিভাজন স্পষ্ট করা হয়নি।

এর আগে ২৮ ফেব্রুয়ারি রাজ্যের চূড়ান্ত ভোটার তালিকার মূল অংশ প্রকাশ করা হয়েছিল। তারপর ২৩ মার্চ নির্বাচন কমিশন প্রথম সাপ্লিমেন্টারি প্রকাশ করে। শুক্রবার গভীর রাতে দ্বিতীয় দফার অতিরিক্ত তালিকা সামনে আসে। তার মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই শনিবার রাতে প্রকাশিত হল তৃতীয় অতিরিক্ত তালিকা।

কমিশনের তথ্য অনুযায়ী, ২৩ মার্চ প্রকাশিত প্রথম অতিরিক্ত তালিকায় প্রায় ২৭ লক্ষ ‘বিবেচনাধীন’ ভোটারের নাম অন্তর্ভুক্ত ছিল। দ্বিতীয় অতিরিক্ত তালিকা প্রকাশের সময় নিষ্পত্তি হওয়া নামের সংখ্যা বেড়ে দাঁড়ায় প্রায় ৩৭ লক্ষে। কমিশন সূত্রে জানা যাচ্ছে, শনিবার পর্যন্ত মোট প্রায় ৩৮ লক্ষ ভোটারের তথ্য যাচাই ও নিষ্পত্তি করা হয়েছে।

তবে এই নিষ্পত্তিকৃত নামগুলির মধ্যে কত জন বৈধ ভোটার হিসেবে তালিকাভুক্ত হলেন এবং কত জনের নাম বাদ গেল, তা এখনও আলাদা করে প্রকাশ্যে আনেনি নির্বাচন কমিশন।

উল্লেখ্য, ২৮ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের সময় রাজ্যে ‘বিবেচনাধীন’ ভোটারের সংখ্যা ছিল ৬০ লক্ষ ছ'হাজার ৬৭৫। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে ৭০৫ জন বিচারক এই নামগুলির নিষ্পত্তির কাজ করছেন। সেই প্রক্রিয়ার অংশ হিসেবেই ধাপে ধাপে অতিরিক্ত তালিকা প্রকাশ করা হচ্ছে।

এসআইআর শুরুর আগে পশ্চিমবঙ্গে মোট ভোটার সংখ্যা ছিল সাত কোটি ৬৬ লক্ষ ৩৭ হাজার ৫২৯। খসড়া তালিকা প্রকাশের সময় বাদ পড়ে ৫৮ লক্ষ ২০ হাজার ৮৯৯ নাম, ফলে তালিকায় অবশিষ্ট ছিল সাত কোটি আট লক্ষ ১৬ হাজার ৬৩০ ভোটার। পরে ২৮ ফেব্রুয়ারির চূড়ান্ত তালিকায় আরও পাঁচ লক্ষ ৪৬ হাজার ৫৩ জনের নাম বাদ যায়। সব মিলিয়ে ওই সময় পর্যন্ত মোট বাদ পড়া নামের সংখ্যা দাঁড়ায় ৬৩ লক্ষ ৬৬ হাজার ৯৫২। 


Share