Annapurna Yojona

অন্নপূর্ণার টাকা ঢুকবে ২০ অগস্টের মধ্যে, ১৭ লক্ষ আবেদন বাতিল! আধার-ব্যাঙ্ক সংযোগের সমস্যায় বাদ পড়েছেন ১০ লক্ষ

সরকার জানিয়েছে, সোমবার থেকে আগামী বৃহস্পতিবার, ২০ অগস্টের মধ্যে এক কোটি ৪৫ লক্ষ উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা পৌঁছে যাবে। এই পর্যায়ে মোট চার হাজার ৩৫০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১৭ আগস্ট ২০২৬ ০৪:০৬

সোমবার থেকে অন্নপূর্ণা যোজনার টাকা ছাড়তে শুরু করেছে রাজ্য সরকার। নথি যাচাইয়ের পর প্রাথমিক ভাবে ১৭ লক্ষ আবেদন বাতিল করা হয়েছে বলে নবান্নে সাংবাদিক বৈঠকে জানানো হয়েছে। রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার, তথ্য ও সংস্কৃতি দফতরের প্রতিমন্ত্রী পূর্ণিমা চক্রবর্তী এবং নারী ও শিশুকল্যাণ দফতরের সচিব মৌমিতা গোদারা সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন। বাতিল হওয়া আবেদনকারীরা অনলাইনে ফের আবেদন করার সুযোগ পাবেন। সরকার জানিয়েছে, সোমবার থেকে আগামী বৃহস্পতিবার, ২০ অগস্টের মধ্যে এক কোটি ৪৫ লক্ষ উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা পৌঁছে যাবে। এই পর্যায়ে মোট চার হাজার ৩৫০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।

প্রাথমিক ভাবে এক কোটি ৬২ লক্ষ আবেদন যাচাই করা হয়। তার মধ্যে ১৭ লক্ষ আবেদন বাতিল হওয়ায় যোগ্য উপভোক্তার সংখ্যা দাঁড়িয়েছে এক কোটি ৪৫ লক্ষে। তবে ১০ জুলাই পর্যন্ত আরও আবেদন জমা পড়েছিল। সেই সময় পর্যন্ত মোট আবেদনের সংখ্যা প্রায় এক কোটি ৮০ লক্ষ। বাকি আবেদনগুলির নথি যাচাইয়ের কাজ এখনও চলছে।

নবান্ন সূত্রে জানা গিয়েছে, মূলত আধার কার্ডের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সংযোগ না মেলায় বিপুল সংখ্যক আবেদন বাতিল হয়েছে। বাতিল হওয়া ১৭ লক্ষ আবেদনের মধ্যে অন্তত ১০ লক্ষই এই কারণে খারিজ করা হয়েছে। এ ছাড়াও, আবেদনকারীর সরকারি চাকরি থাকা বা আয়করদাতা হওয়ায় বেশ কিছু আবেদন বাতিল হয়েছে। মন্ত্রী জানিয়েছেন, ১১ জুলাই থেকে ৩১ জুলাইয়ের মধ্যে অন্নপূর্ণা যোজনায় যাঁরা আবেদন করেছেন, তাঁদের নথি যাচাইয়ের কাজ এখনও চলছে। এই প্রক্রিয়া শেষ করতে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সময় লাগতে পারে। যাচাই পর্ব সম্পূর্ণ হওয়ার পর যোগ্য উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে।

অন্নপূর্ণা যোজনা থেকে যাঁদের নাম বাদ পড়েছে, তাঁদের ফের আবেদনের সুযোগ দেওয়া হবে। মন্ত্রী জানিয়েছেন, নির্দিষ্ট পোর্টালে থাকা ‘সোশ্যাল রেজিস্টার’ অপশনে গিয়ে আবেদনকারীরা পুনরায় আবেদন করতে পারবেন। সেই আবেদন জেলাশাসক স্তরে ফের যাচাই করা হবে। নথিপত্রে কোনও ত্রুটি না থাকলে যোগ্য আবেদনকারীরা অন্নপূর্ণা যোজনার সুবিধা পাবেন। তবে বর্তমানে পোর্টালটি বন্ধ রয়েছে। আগামী ২০ অগস্ট থেকে ফের আবেদন করার সুযোগ মিলবে। প্রকল্পের তালিকা থেকে নাম বাদ পড়া নিয়ে কারও অভিযোগ থাকলেও ওই পোর্টালের মাধ্যমে তা জানানো যাবে। অন্য দিকে, যাঁরা নতুন করে অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করতে চান, তাঁদের ৩০ সেপ্টেম্বরের আগে আবেদন করার সুযোগ থাকছে না।

আধার কার্ডের নম্বরের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংযুক্ত না থাকার কারণে যাঁদের সমস্যা হচ্ছে, তা দ্রুত সমাধানের জন্য বিডিওদের নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। সংশ্লিষ্ট ব্যাঙ্কগুলির সঙ্গে সমন্বয় করে বিডিওরা প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। পাশাপাশি বিভিন্ন এলাকায় শিবির আয়োজন করে উপভোক্তাদের সমস্যার সমাধান করা হবে।

এর আগে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন, মাসিক আয় ১০ হাজার টাকার বেশি অথবা পরিবারের বার্ষিক আয় ১২ লক্ষ টাকার বেশি হলে অন্নপূর্ণা যোজনার সুবিধা পাওয়া যাবে না। জমির মালিকানার ক্ষেত্রেও নির্দিষ্ট শর্ত রয়েছে। সাতটি পুরনিগম এলাকার কোনও বাসিন্দার ৫০ ডেসিমেলের বেশি জমি থাকলে তিনি এই প্রকল্পের আওতায় আসবেন না। তবে গ্রামীণ এলাকার ক্ষেত্রে জমির পরিমাণ সংক্রান্ত নিয়মে কিছুটা ছাড় রাখা হয়েছে। সোমবার নবান্নে আয়োজিত সাংবাদিক বৈঠকে অন্নপূর্ণা যোজনার সামগ্রিক পরিসংখ্যানও প্রকাশ করা হয়।


Share