Suvendu Adhikari

১ জুন থেকে মিলবে অন্নপূর্ণা ভান্ডার, মিলবে মাসিক তিন হাজার টাকা, সরকারি বাসে মহিলাদের বিনামূল্যে সফর, ঘোষণা রাজ্য সরকারের

ভোটপ্রচারে কেন্দ্রীয় বিজেপির নেতাদের তৃণমূলের বিরুদ্ধে এটাই অন্যতম গুরুত্বপূর্ণ অস্ত্র ছিল। মহিলা ভোটারদের টানতে এ-ও প্রতিশ্রুতি দিয়েছিলেন, ক্ষমতায় এলে সরকারি বাসে মহিলাদের জন‍্য সফর সম্পূর্ণ বিনামূল্যে করে দেওয়া হবে। তা-ও আগামী ১ জুন থেকে বাস্তবায়িত হতে চলেছে।

প্রতীকী চিত্র
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১২ মে ২০২৬ ১১:৫৭

আগামী ১ জুন থেকেই মিলবে অন্নপূর্ণা ভান্ডারের ভাতা। মহিলারা মাসিক তিন হাজার টাকা করে পাবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ভোটপ্রচারে এসে প্রতিশ্রুতি দিয়েছিলেন। তা পূরণ করার লক্ষ্যে প্রথম কর্মদিবসেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অন্নপূর্ণা ভান্ডারের দিনক্ষণ জানিয়ে দেওয়া হয়েছে। শুধু তা-ই নয়, ১ জুন থেকে মহিলাদের জন‍্য সরকারি বাসে সফর বিনামূল্যে করে দেওয়া হয়েছে। সফরের সময় তাঁদের কোনও ভাড়া গুনতে হবে না।

২০২১ সালে ভোটপ্রচারে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের কথা ঘোষণা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটে জিতে আসার পরে তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই প্রকল্প শুরু করেছিলেন। প্রথমে ৫০০ টাকা দিয়ে শুরু করেছিলেন। পরে ধাপে ধাপে সেই অঙ্ক বাড়ানো হয়। পূর্বতন সরকারের শেষ বাজেটে লক্ষ্মীর ভান্ডারে টাকার পরিমাণ বাড়িয়ে মাসিক দেড় হাজার করা হয়েছিল। আর তফসিলি জাতি ও জনজাতি মহিলাদের জন্য মাসে ১,৭০০ টাকা করে দেওয়া হত। তবে ২০২৬ সালে ভোটের আগে বিজেপি তাদের সংকল্পপত্রে জানায়, মহিলাদের স্বাবলম্বী করতে প্রতি মাসে তিন হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে। সরকারে এসেই সেই প্রতিশ্রুতি পূরণ করতে চলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

ভোটপ্রচারে কেন্দ্রীয় বিজেপির নেতাদের তৃণমূলের বিরুদ্ধে এটাই অন্যতম গুরুত্বপূর্ণ অস্ত্র ছিল। মহিলা ভোটারদের টানতে এ-ও প্রতিশ্রুতি দিয়েছিলেন, ক্ষমতায় এলে সরকারি বাসে মহিলাদের জন‍্য সফর সম্পূর্ণ বিনামূল্যে করে দেওয়া হবে। তা-ও আগামী ১ জুন থেকে বাস্তবায়িত হতে চলেছে।

তবে অন্নপূর্ণা ভান্ডার পেতে গেলে আপাতত কোনও আবেদন করার প্রয়োজন নেই বলে জানা গিয়েছে। যাঁরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা পাচ্ছেন তাঁরাই এই অন্নপূর্ণা ভান্ডারের তিন হাজার টাকা পাবেন। পরবর্তীতে যদি কোনও কাগজের প্রয়োজন হয় তাহলে রাজ‍্য সরকারের তরফে তা জানিয়ে দেওয়া হবে।

রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর জানিয়েছেন, রাজ্যে চালু থাকা কোনও প্রকল্প বন্ধ করা হবে না। যেমন চলছে তেমনই চলবে। সেই প্রকল্পের বাস্তবায়ন যাতে আরও স্বচ্ছতার সঙ্গে করা যায় তার চেষ্টা করা হবে।

ভোটপ্রচারে এসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছিলেন, বিজেপি সরকার ক্ষমতায় আসার পরেই প্রত‍্যেক মহিলার অ‍্যাকাউন্টে তিন হাজার টাকা পৌঁছে যাবে। মাসের ১ থেকে ৫ তারিখের মধ্যেই তা ঢুকে যাবে অ্যাকাউন্টে। তাঁর কথায়, পশ্চিমবঙ্গের মানুষের আর্থিক অবস্থার উন্নয়ন করতে সরকারের তরফে টাকা দেওয়া হবে। পাশাপাশি শিল্পের উন্নয়নের রাজ‍্যে উৎপাদন বাড়ানো হবে।


Share