Indian Navy

যৌনতার ফাঁদে আইএসআইয়ের কাছে প্রতিরক্ষার তথ্য পাচারের অভিযোগ, কোয়েম্বাত্তূরে গ্রেফতার বাঙালি নৌসেনাকর্মী

ধৃতের সঙ্গে ওই মহিলার সমাজমাধ্যমে কী ধরনের কথোপকথন হয়েছিল, কতদিন ধরে যোগাযোগ ছিল এবং ঠিক কী কী তথ্য আদানপ্রদান হয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। পাশাপাশি, এই ঘটনায় কোনও আর্থিক লেনদেন হয়েছিল কি না, সেটিও খতিয়ে দেখছে কাউন্টার ইন্টেলিজেন্স সেল।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০৪ অক্টোবর ২০২৬ ১২:৩৭

সমাজমাধ্যমে আলাপ, ধীরে ধীরে ঘনিষ্ঠতা, তারপর সংবেদনশীল প্রতিরক্ষা তথ্য হাতিয়ে নেওয়ার অভিযোগ। পাকিস্তানের আইএসআইয়ের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে তামিলনাড়ুর কোয়েম্বত্তূর থেকে এক বাঙালি নৌসেনাকর্মীকে গ্রেফতার করল অন্ধ্রপ্রদেশ পুলিশের কাউন্টার ইন্টেলিজেন্স সেল (সিআই)।

ধৃতের নাম প্রদীপ মুখোপাধ্যায়। তিনি পশ্চিমবঙ্গের বাসিন্দা। ২০১৪ সালে ভারতীয় নৌবাহিনীতে যোগ দেন। বর্তমানে প্রদীপ বিশাখাপত্তনমের ইস্টার্ন নাভাল কমান্ডে কর্মরত ছিলেন। সম্প্রতি কোয়েম্বত্তূরের রেড ফিল্ডসে আইএনএস অগ্রণীতে ম্যানেজমেন্ট ডেভেলপমেন্ট কোর্সে প্রশিক্ষণ নিতে গিয়েছিলেন।

তদন্তকারীদের বক্তব্য, কয়েক মাস আগে সমাজমাধ্যমে এক মহিলার সঙ্গে পরিচয় হয় প্রদীপের। ওই মহিলা ভুয়ো পরিচয়ে যোগাযোগ করেছিলেন। পরে বিশ্বাস অর্জন করে। ঘনিষ্ঠতা তৈরি করে তাঁকে যৌনতার ফাঁদে ফেলে বলে অভিযোগ। এরপর বিশাখাপত্তনমের নৌঘাঁটির যাবতীয় কৌশলগত সম্পদ, নৌবহরের গতিবিধি ও পরিচালন ব্যবস্থা সংক্রান্ত সংবেদনশীল তথ্য হাতিয়ে নেওয়া হয় বলে তদন্তকারীরা সন্দেহ করছেন।

পুলিশ সূত্রের খবর, গত কয়েক দিন ধরেই নৌবাহিনীর তথ্য ডিজিটালি পাঠানো হচ্ছে তা তদন্তকারীদের নজরে আসে। সেই মতো তাঁরা নজরদারি শুরু করেন। বিষয়টি নিয়ে সুনিশ্চিত হতেই প্রদীপের ওপরে নজরদারি শুরু করে। প্রদীপকে হেফাজতে নেওয়ার জন্য নৌবাহিনীর কর্তৃপক্ষের কাছে আবেদন জানান অন্ধ্রপ্রদেশের সিআই। সেই অনুমতি পাওয়ার পরেই শনিবার তাঁকে হেফাজতে নেওয়া হয়। রবিবার তাঁকে আদালতে হাজির করানো হবে বলে জানা গিয়েছে।

তবে প্রদীপের সঙ্গে ওই মহিলার সমাজমাধ্যমে কী ধরনের কথোপকথন হয়েছিল, কতদিন ধরে যোগাযোগ ছিল এবং ঠিক কী কী তথ্য আদানপ্রদান হয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। পাশাপাশি, এই ঘটনায় কোনও আর্থিক লেনদেন হয়েছিল কি না, সেটিও খতিয়ে দেখছে কাউন্টার ইন্টেলিজেন্স সেল। এই চক্রের সঙ্গে আরও কেউ যুক্ত রয়েছে কি না, তা নিয়েও তদন্ত শুরু হয়েছে।


Share