Amit Shah

শ্যামাপ্রসাদের জন্মজয়ন্তীতে রাজ্যে আসছেন অমিত শাহ, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মবার্ষিকীকে ঘিরে বিশেষ কর্মসূচিতে সাজো-সাজো রব বিজেপি শিবিরে

সেই ধারাবাহিকতায় এ বার শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তী উদ্‌যাপনকেও জাঁকজমকপূর্ণ করে তুলতে চাইছে বিজেপি। সেই অনুষ্ঠানে যোগ দিতেই আগামী সোমবার পশ্চিমবঙ্গে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

রাজ্যে আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০৪ জুলাই ২০২৬ ০৮:১৬

আগামী সোমবার শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে পশ্চিমবঙ্গে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শ্যামাপ্রসাদের জন্মজয়ন্তী উপলক্ষে সারা দেশেই বিভিন্ন কর্মসূচির আয়োজন করেছে বিজেপি। তবে এ বার পশ্চিমবঙ্গে প্রথমবারের মতো শ্যামাপ্রসাদের আদর্শে বিশ্বাসী দলের সরকার ক্ষমতায় থাকায় রাজ্যে উদ্‌যাপনকে ঘিরে দলের অন্দরে বিশেষ উৎসাহ তৈরি হয়েছে। সেই আবহে জন্মবার্ষিকীর অনুষ্ঠানে অমিত শাহের উপস্থিতি কর্মসূচির রাজনৈতিক গুরুত্ব আরও বাড়িয়ে দিয়েছে।

‘পশ্চিমবঙ্গ দিবস’ উপলক্ষে সম্প্রতি রাজ্যে এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ ছাড়াও, আন্তর্জাতিক যোগ দিবসের মূল অনুষ্ঠানও এ বার অনুষ্ঠিত হয়েছিল কলকাতার রেড রোডে, যেখানে স্বয়ং প্রধানমন্ত্রী যোগাভ্যাসে অংশ নেন। সেই ধারাবাহিকতায় এ বার শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তী উদ্‌যাপনকেও জাঁকজমকপূর্ণ করে তুলতে চাইছে বিজেপি। সেই অনুষ্ঠানে যোগ দিতেই আগামী সোমবার পশ্চিমবঙ্গে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

প্রতি বছরের ন্যায় এ বারও দেশজুড়ে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মবার্ষিকী পালন করতে চলেছে বিজেপি। তবে এ বছর তাঁর ১২৫তম জন্মবার্ষিকী হওয়ায় উদ্‌যাপনকে আরও জাঁকজমকপূর্ণ করে তুলতে বিশেষ উদ্যোগ নিয়েছে পদ্মশিবির। পাশাপাশি, এই প্রথম পশ্চিমবঙ্গে বিজেপির সরকার গঠনের পর এই কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে। ফলে রাজ্য বিজেপির নেতাদের মধ্যে উৎসবকে ঘিরে বাড়তি প্রস্তুতি ও তৎপরতা চোখে পড়ছে।

বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের কথাতেও তা স্পষ্ট। তিনি বলেন, “প্রত্যেক বিজেপি কর্মীর কাছে এটা অত্যন্ত আনন্দের বিষয়। পশ্চিমবঙ্গ বা সুদূর লাদাখের বিজেপি কর্মী যাঁরা বিজেপি করেছেন, যাঁরা আমাদের মতাদর্শের সঙ্গে সম্পৃক্ত হয়েছেন, তাঁদের কাছে উল্লেখযোগ্য দিন। কারণ, শ্যামাপ্রসাদের মাটিতে শ্যামাপ্রসাদের সরকার তৈরি হয়েছে। ৬ জুলাই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী সেখানে যোগ দিতে আসছেন। নিঃসন্দেহে এটি ঐতিহাসিক মুহূর্ত।”

শমীক আরও বলেন, “আমরা অত্যন্ত উৎসাহ এবং উদ্দীপনার মধ্য দিয়ে দিনটি পালন করছি। এত দিন শ্যামাপ্রসাদকে পাঠ্যপুস্তক-সহ বিভিন্ন জায়গায় ব্রাত্য করে রাখা হয়েছিল। আজ শ্যামাপ্রসাদের সরকার প্রতিষ্ঠা হওয়ার পর শ্যামাপ্রসাদ চর্চিত হচ্ছেন। তাঁর ভূমিকা, পশ্চিমবঙ্গ তৈরির ক্ষেত্রে তাঁর অবদান… এই প্রজন্ম বুঝতে পারছে আজকের দিনে যে তাঁরা ভারতীয় বলে পরিচয় দিতে পারছেন, তার একমাত্র কারণ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়।”

বিজেপি সূত্রের খবর, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পশ্চিমবঙ্গ সফর শনিবার দুপুরেই চূড়ান্ত হয়েছে। তবে সোমবার তিনি ঠিক কোন কোন কর্মসূচিতে অংশ নেবেন, তা এখনও নির্ধারিত হয়নি। সফর নিশ্চিত হওয়ার পরই তৎপর হয়েছে বিজেপির রাজ্য নেতৃত্ব। শাহের সম্ভাব্য কর্মসূচি নিয়ে জরুরি বৈঠক ও আলোচনা শুরু হয়েছে। দলের একটি সূত্রের দাবি, শনিবার রাত কিংবা রবিবারের মধ্যেই তাঁর পূর্ণাঙ্গ সফরসূচি চূড়ান্ত করা হবে।


Share