Calcutta High Court

আরজি কর মামলায় নতুন মোড়! সিবিআই রিপোর্টের মাঝেই শুনানি থেকে সরে দাঁড়াল হাই কোর্টের আরও এক বেঞ্চ

মঙ্গলবার মামলার শুনানিতে তদন্তের অগ্রগতি সংক্রান্ত রিপোর্ট মুখবন্ধ খামে আদালতে জমা দেয় সিবিআই।

কলকাতা হাই কোর্ট
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১২ মে ২০২৬ ০২:১৫

সময়ের অভাবে আরজি কর কাণ্ডে নির্যাতিতার পরিবারের দায়ের করা মামলা থেকে আগেই সরে দাঁড়িয়েছিল কলকাতা হাই কোর্টের বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ। এ বার একই কারণ দেখিয়ে মামলাটি থেকে সরে দাঁড়াল বিচারপতি রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চও।

মঙ্গলবার মামলার শুনানিতে তদন্তের অগ্রগতি সংক্রান্ত রিপোর্ট মুখবন্ধ খামে আদালতে জমা দেয় সিবিআই। সেই সময় নির্যাতিতার পরিবারের আইনজীবী অভিযোগ করেন, তদন্তকারী সংস্থা নতুন করে কোনও তদন্ত করছে না। এরপরই বিচারপতি মান্থা জানান, অন্য একাধিক গুরুত্বপূর্ণ মামলার শুনানির চাপ থাকায় এই মামলায় প্রয়োজনীয় সময় দেওয়া সম্ভব হচ্ছে না। সেই কারণে মামলাটি প্রধান বিচারপতির কাছে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ডিভিশন বেঞ্চ। আদালত সূত্রে জানা গিয়েছে, প্রয়োজনে এ বিষয়ে বিশেষ কমিশনও গঠন করা হতে পারে।

শুনানিতে বিচারপতি মান্থা বলেন, ‘আমিও চাই এই মামলায় সঠিক বিচার হোক। কারণ শুধু পরিবারের নয়, সাজাপ্রাপ্ত এবং সিবিআইয়ের আবেদনও শুনতে হবে।’ বিচারপতিরা আরও জানান, গোটা রাজ্য এই মামলার দিকে নজর রাখছে। তাই পূর্ণাঙ্গ ও নিরপেক্ষ শুনানি নিশ্চিত করতেই বেঞ্চের এই সিদ্ধান্ত।


Share