Drug Seized

খাস কলকাতার অভিজাত হোটেলে মাদকচক্রের অভিযোগ! পার্টি স্যুটে ২০ জন, বিপুল মাদক উদ্ধারের দাবি

শেক্সপিয়র সরণি থানার অন্তর্গত ওই হোটেলের সপ্তম তলার একটি পার্টি স্যুট থেকে প্রচুর পরিমাণে মাদক উদ্ধার হয়েছে বলে সূত্রের খবর। ওই সময় স্যুটে প্রায় ২০ জন ছিলেন বলে জানা গিয়েছে। তাঁরা সকলেই হোটেলের অতিথি।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০৪ অক্টোবর ২০২৬ ০৩:৪৪

পুজোর আগে কলকাতায় বেআইনি কার্যকলাপের বিরুদ্ধে পুলিশের অভিযান জারি। রবিবার সকালে পার্ক স্ট্রিটের একটি অভিজাত হোটেলে আচমকা অভিযান চালাল কলকাতা পুলিশের এসটিএফ ও নারকোটিক্স বিভাগের আধিকারিকরা। শেক্সপিয়র সরণি থানার অন্তর্গত ওই হোটেলের সপ্তম তলার একটি পার্টি স্যুট থেকে প্রচুর পরিমাণে মাদক উদ্ধার হয়েছে বলে সূত্রের খবর। ওই সময় স্যুটে প্রায় ২০ জন ছিলেন বলে জানা গিয়েছে। তাঁরা সকলেই হোটেলের অতিথি।

পুলিশ সূত্রে খবর, গোপন সূত্রে ওই হোটেলে মাদক নিয়ে পার্টি চলার খবর পেয়ে রবিবার ভোরে অভিযান চালানো হয়। অভিযানে মাদক উদ্ধারের পাশাপাশি আরও কিছু বেআইনি কার্যকলাপের সন্ধান মিলেছে বলেও দাবি সূত্রের। তবে ঠিক কী ধরনের মাদক উদ্ধার হয়েছে, তার পরিমাণ কত এবং ওই ঘটনায় কারও গ্রেফতারি হয়েছে কি না, তা এখনও স্পষ্ট নয়।

ঘটনাকে ঘিরে ইতিমধ্যেই একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। হোটেলের পার্টি স্যুটে কি নিয়মিত মাদক পার্টি বা রেভ পার্টি চলত? এই ঘটনায় হোটেল কর্তৃপক্ষের কোনও ভূমিকা রয়েছে কি না? মাদক কোথা থেকে এসেছিল এবং কারা তা সরবরাহ করেছিল? সবদিক খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

পুজোর আগে শহরে বেআইনি কার্যকলাপ রুখতে হোটেল, রেস্তরাঁ ও বিভিন্ন বিনোদনকেন্দ্রে নজরদারি বাড়িয়েছে কলকাতা পুলিশ। সেই অভিযানেই পার্ক স্ট্রিটের এই হোটেলে হানা বলে খবর। সূত্রের দাবি, এখনও হোটেলে তল্লাশি চলছে। অভিযানের শেষে আরও কী কী উদ্ধার হয় এবং ঘটনায় কতজনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়, এখন সেদিকেই নজর।


Share