Attempt to Molestration

নিজেকে কলকাতা পুলিশের কর্মী পরিচয়, নিউ টাউনের আবাসনে পরিচারিকার সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ, থানায় অভিযোগ দায়ের

ঘটনায় টেকনো সিটি থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। অভিযুক্ত নিজেকে কলকাতা পুলিশের কর্মী বলে পরিচয় দিয়েছেন বলে দাবি, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ।

প্রতীকী চিত্র
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১৪ আগস্ট ২০২৬ ০৯:৪০

নিউ টাউনের একটি আবাসনে কাজ করতে গিয়ে এক পরিচারিকার সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনায় টেকনো সিটি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই মহিলা। অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। ঠিক কী ঘটেছিল, তা খতিয়ে দেখা হচ্ছে।

অভিযোগকারিণীর দাবি, বুধবার সকালে কাজের জন্য তিনি ওই আবাসনে গিয়েছিলেন। সেই সময় আচমকাই এক ব্যক্তি তাঁর পথ আটকান। অভিযোগ, এরপর ওই ব্যক্তি তাঁর হাত ধরে টানাটানি শুরু করেন। সেখান থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করলেও বার বার তাঁকে বাধা দেওয়া হয় বলে অভিযোগ।

কোনওরকমে ওই ব্যক্তির হাত থেকে নিজেকে ছাড়িয়ে সেখান থেকে ওই মহিলা বেরিয়ে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু অভিযোগ, অভিযুক্ত তাঁকে অনুসরণ করতে থাকেন। আতঙ্কিত হয়ে শেষ পর্যন্ত আবাসনের নিরাপত্তারক্ষীদের কাছে গিয়ে তিনি পুরো বিষয়টি জানান। নিরাপত্তারক্ষীদের পরামর্শে স্বামীকে ফোন করে ঘটনাটি জানান অভিযোগকারিণী।

খবর পেয়ে তাঁর স্বামী আবাসনে পৌঁছোন। এরপর দু’জনে একসঙ্গে টেকনো সিটি থানায় গিয়ে ঘটনার কথা জানিয়ে লিখিত অভিযোগ করেন।

তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, অভিযুক্ত ওই আবাসনে নিজেকে কলকাতা পুলিশের কর্মী বলে পরিচয় দিতেন। সত্যিই তিনি কলকাতা পুলিশের সঙ্গে যুক্ত কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি আবাসনের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তা পরীক্ষা করছেন তদন্তকারীরা। নিরাপত্তারক্ষীদেরও জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে থানায় ডেকে পাঠানো হয়েছে। তাঁর বক্তব্য এবং ঘটনার অন্যান্য দিক খতিয়ে দেখে পরবর্তী পদক্ষেপ করবে পুলিশ।


Share