Bomb Threat

অফিসের কাজে আফ্রিকা যেতে নারাজ, কলকাতা থেকে মুম্বইগামী বিমানে চিরকুট মামলায় গ্রেফতার যাত্রী

কলকাতা-মুম্বইগামী এয়ার ইন্ডিয়ার বিমানের শৌচাগার থেকে চিরকুট উদ্ধারের ঘটনায় গ্রেফতার সোদপুরের ৫৫ বছর বয়সি এক যাত্রী। অফিসের নির্দেশে আফ্রিকার একটি দেশে যেতে চাননি তিনি। সেই সফর এড়াতেই বিমান হাইজ্যাকের আতঙ্ক ছড়ানোর পরিকল্পনা করেন বলে অভিযোগ।

প্রতীকী চিত্র
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১২ নভেম্বর ২০২৬ ০১:৪৪

উড়ানের প্রস্তুতি প্রায় শেষ। বিমানে উঠে নিজেদের আসনে বসে পড়েছেন যাত্রীরা। ঠিক সেই সময়ই পাইলটের কাছে এল হাইজ্যাকের সতর্কবার্তা! বিমানের শৌচাগারে মিলল উড়ান ছিনতাইয়ের হুমকি লেখা চিরকুট। মুহূর্তে বদলে গেল পরিস্থিতি। মাঝ আকাশে নয়, মাটি থেকেই থমকে গেল বিমানযাত্রা। ভাইফোঁটার সকালে কলকাতা বিমানবন্দরে চাঞ্চল্য। কলকাতা থেকে মুম্বইগামী এয়ার ইন্ডিয়ার একটি বিমানের শৌচাগার থেকে হাইজ্যাকের হুমকি লেখা চিরকুট উদ্ধার হয়। এই ঘটনাকে কেন্দ্র করে বিমানবন্দরে নিরাপত্তা নিয়ে তৎপরতা শুরু হয়। তদন্তে নেমে বিমানেরই এক যাত্রীকে আধিকারিকরা গ্রেফতার করেন।

ধৃতের নাম পার্থপ্রতীম নন্দী। ৫৫ বছর বয়সি ওই ব্যক্তি সোদপুরের বাসিন্দা। জেরায় তিনি নিজের অপরাধের কথা স্বীকার করেছেন। তাঁর দাবি, ইচ্ছার বিরুদ্ধে, শুধু মাত্র অফিসের নির্দেশে তাঁকে একটি দেশে যেতে হচ্ছিল। সেই সফর এড়াতেই তিনি বিমানে হাইজ্যাকের আতঙ্ক ছড়ানোর পরিকল্পনা করেন।

ঘটনাটি বুধবার সকালের। কলকাতা বিমানবন্দর থেকে মুম্বইয়ের উদ্দেশে উড়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল এয়ার ইন্ডিয়ার বিমানটি। যাত্রীরা ইতিমধ্যেই বিমানে উঠে নিজেদের আসনে বসে পড়েছিলেন। উড়ানের আগে আচমকাই এয়ার ট্রাফিক কন্ট্রোল (এটিসি) থেকে পাইলটের কাছে হাইজ্যাক সংক্রান্ত সতর্কবার্তা পৌঁছোয়। জানানো হয়, বিমানের শৌচাগারে একটি চিরকুট পাওয়া গিয়েছে। তাতে বিমান হাইজ্যাক করার হুমকি দেওয়া হয়েছে।

বার্তা পাওয়ার পরই উড়ান স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। নিরাপত্তার স্বার্থে বিমানটিকে আইসোলেশন বে-তে নিয়ে যাওয়া হয়। অন্যদিকে, বিমানের ভিতরে থাকা সমস্ত যাত্রীকে নামিয়ে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়। আচমকা এমন পরিস্থিতির মুখে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ব্যুরো অফ সিভিল অ্যাভিয়েশনের আধিকারিকরা ঘটনার তদন্তে নামে। চিরকুটে লেখা হুমকিবার্তার সূত্র ধরে বিমানে থাকা ১০৫ জন যাত্রীর হাতের লেখার নমুনা সংগ্রহ করা হয়। সেগুলির সঙ্গে চিরকুটের লেখার তুলনা করেই সন্দেহভাজনকে চিহ্নিত করার চেষ্টা চলে। প্রাথমিক তদন্তের পর পার্থপ্রতীম নন্দীকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদের মুখে তিনি স্বীকার করেন, হুমকিবার্তাটি তাঁরই লেখা।

তদন্তকারীদের জানা গিয়েছে, মানিব্যাগের ভিতরে রাখা কাগজ ব্যবহার করে ইংরেজি ব্লক লেটারে তিনি বার্তাটি লিখেছিলেন। জেরায় পার্থপ্রতীম জানান, অফিসের কাজে তাঁকে আফ্রিকার একটি দেশে পাঠানোর কথা ছিল। কিন্তু সেখানে যেতে তিনি রাজি ছিলেন না। তাঁর ধারণা ছিল, বিমানে হাইজ্যাকের হুমকি পাওয়া গেলে উড়ান বাতিল হয়ে যাবে। ফলে তাঁকেও আর ওই কাজে আফ্রিকা যেতে হবে না। সেই উদ্দেশ্যেই তিনি এই গোটা ঘটনার ছক কষেন। এরপরই তাঁকে গ্রেফতার করা হয়।


Share