Calcutta High Court

আয়বহির্ভূত সম্পত্তির অভিযোগে গ্রেফতারির আশঙ্কা, হাই কোর্টে আগাম জামিনের আবেদন অদিতি মুন্সি-দেবরাজের

তাঁদের আইনজীবী আদালতে জানান, আয়বহির্ভূত সম্পত্তির অভিযোগ তুলে তাঁদের বিরুদ্ধে পদক্ষেপ করা হতে পারে। সেই প্রেক্ষিতেই আগাম জামিনের আর্জি জানানো হয়েছে।

কলকাতা হাই কোর্ট
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২১ মে ২০২৬ ০৫:৩৪

নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামায় প্রকৃত আয় গোপন করার অভিযোগে গ্রেফতারির আশঙ্কা প্রকাশ করে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হলেন রাজারহাট-গোপালপুরের প্রাক্তন তৃণমূল বিধায়ক অদিতি মুন্সি এবং তাঁর স্বামী দেবরাজ চক্রবর্তী। বৃহস্পতিবার স্বামী-স্ত্রী দু’জনেই আগাম জামিনের আবেদন জানিয়েছেন।

তাঁদের আইনজীবী আদালতে জানান, আয়বহির্ভূত সম্পত্তির অভিযোগ তুলে তাঁদের বিরুদ্ধে পদক্ষেপ করা হতে পারে। সেই প্রেক্ষিতেই আগাম জামিনের আর্জি জানানো হয়েছে। বিচারপতি জয় সেনগুপ্ত মামলা দায়েরের অনুমতি দিয়েছেন। শুক্রবার মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।

রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর দুর্নীতির অভিযোগে একাধিক তৃণমূল নেতা গ্রেফতার হয়েছেন। সেই আবহেই নিজেদের গ্রেফতার করা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন অদিতি ও দেবরাজ।

২০২১ সালের বিধানসভা নির্বাচনে পূর্ণেন্দু বসুর পরিবর্তে রাজারহাট-গোপালপুর কেন্দ্রে অদিতি মুন্সিকে প্রার্থী করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপির শমীক ভট্টাচার্যকে প্রায় ২৫ হাজার ভোটে পরাজিত করে জয়ী হন তিনি। যদিও রাজনৈতিক মহলের একাংশের দাবি ছিল, অদিতির জয়ের নেপথ্যে বড় ভূমিকা ছিল তাঁর স্বামী দেবরাজ চক্রবর্তীর।

চলতি বছরের বিধানসভা নির্বাচনেও তৃণমূলের প্রার্থী ছিলেন অদিতি। প্রচারে সর্বক্ষণ তাঁর সঙ্গে দেখা গিয়েছিল দেবরাজকে। তবে শেষ পর্যন্ত বিজেপি প্রার্থী তরুণজ্যোতি তিওয়ারির কাছে পরাজিত হন তিনি।

উল্লেখ্য, গত মঙ্গলবার অমিত চক্রবর্তী নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। অভিযোগ, তিনি বিধাননগরের মেয়র পারিষদ দেবরাজ চক্রবর্তীর ঘনিষ্ঠ সহযোগী। পুলিশ সূত্রে খবর, ৪ মে ভোটগণনার দিন বিজেপির বিজয় মিছিল আটকানোর অভিযোগে তাঁকে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনায় এর আগেই গ্রেফতার হয়েছেন বিধাননগর পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সমরেশ চক্রবর্তী এবং হেমন্ত চৌধুরী।


Share