Accident

অফিস যাওয়ার পথে দুর্ঘটনা, সল্টলেক সেক্টর ফাইভে বাসের ধাক্কায় মৃত্যু তরুণীর

পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, আরএস সফটওয়্যার মোড়ে পৌঁছনোর পর পিছন দিক থেকে করুণাময়ী-ঘাটাল রুটের একটি সরকারি বাস বাইকটিকে ধাক্কা মারে। ধাক্কার জেরে বাইক থেকে ছিটকে পড়েন কিরণ।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, সল্টলেক
  • শেষ আপডেট: ০৭ এপ্রিল ২০২৬ ০৯:০৬

ব্যস্ত অফিস টাইমে সল্টলেক সেক্টর ফাইভে পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন এক মহিলা আইটি কর্মী। মৃতের নাম কিরণ মিশ্র। পুলিশ সূত্রে জানা গিয়েছে, আরএস সফটওয়্যারের সামনে দুর্ঘটনাটি ঘটে।

পুলিশের প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, কিরণ বর্ধমানের বাসিন্দা হলেও কাজের সূত্রে কেষ্টপুরে ভাড়া বাড়িতে থাকতেন। সেখানেই প্রেমিকের সঙ্গে তাঁর বসবাস ছিল। প্রতিদিন প্রেমিকই তাঁকে অফিসে পৌঁছে দিতেন, কারণ দু’জনের কর্মস্থল ছিল কাছাকাছি। তবে এদিন সকালে প্রেমিকের ঘুম থেকে উঠতে দেরি হওয়ায় অ্যাপ-বাইক বুক করে একাই অফিসের উদ্দেশ্যে রওনা দেন কিরণ।

পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, আরএস সফটওয়্যার মোড়ে পৌঁছনোর পর পিছন দিক থেকে করুণাময়ী-ঘাটাল রুটের একটি সরকারি বাস বাইকটিকে ধাক্কা মারে। ধাক্কার জেরে বাইক থেকে ছিটকে পড়েন কিরণ। গুরুতর আহত অবস্থায় তাঁকে দ্রুত বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

পুলিশ ঘাতক বাস এবং চালককে আটক করেছে। চিকিৎসকদের মতে, শরীরের অভ্যন্তরে গুরুতর আঘাত লাগাতেই মৃত্যু হয়েছে তাঁর।

এই ঘটনার পর আবারও প্রশ্ন উঠেছে সল্টলেকে বাস চলাচলের নিরাপত্তা নিয়ে। দীর্ঘদিন ধরেই অফিসযাত্রীদের অভিযোগ, অফিস টাইমে বহু বাস অতিরিক্ত গতিতে চলাচল করে এবং নিয়ম ভেঙে যাত্রী ওঠানামা করায়। এর আগেও একই ধরনের দুর্ঘটনা ঘটলেও, অভিযোগ প্রশাসনের পক্ষ থেকে কার্যকর ব্যবস্থা এখনও দেখা যায়নি।


Share