Accident

কলকাতা বিমানবন্দরে দুর্ঘটনা, ইন্ডিগো বিমানের ইঞ্জিনে কেটারিং গাড়ির ধাক্কা

বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে, ওই সময় বিমানটি পার্কিং বে-তে অবস্থান করছিল। কিছুটা দূরে থাকা ক্যান্টিন এলাকা থেকে কেটারিং-এর গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সোজা বিমানের ইঞ্জিনের দিকে গিয়ে ধাক্কা মারে।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০৮ এপ্রিল ২০২৬ ০৩:০৪

মঙ্গলবার রাতে কলকাতা বিমানবন্দরে বড়সড় দুর্ঘটনা এড়ানো গেল অল্পের জন্য। বিমানবন্দরের ৫১ নম্বর বে-তে দাঁড়িয়ে থাকা ইন্ডিগোর একটি বিমানের ইঞ্জিনে আচমকাই ধাক্কা মারে একটি কেটারিং পরিষেবার গাড়ি।

বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে, ওই সময় বিমানটি পার্কিং বে-তে অবস্থান করছিল। কিছুটা দূরে থাকা ক্যান্টিন এলাকা থেকে কেটারিং-এর গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সোজা বিমানের ইঞ্জিনের দিকে গিয়ে ধাক্কা মারে। ঘটনায় কেউ আহত হননি, এবং বিমানে থাকা যাত্রীরাও সম্পূর্ণ নিরাপদ রয়েছেন।

দুর্ঘটনার পর বিমানবন্দরের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেন। বর্তমানে বিমানের ইঞ্জিন কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে, তা প্রযুক্তিগতভাবে খতিয়ে দেখা হচ্ছে। কী কারণে গাড়িটি নিয়ন্ত্রণ হারাল, তা নিয়েও শুরু হয়েছে তদন্ত।

উল্লেখ্য, এর আগেও গত ফেব্রুয়ারিতে একই বিমানবন্দরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। ঝালাইয়ের কাজ চলাকালীন একটি ফ্লেক্সে আগুন লেগে যায় এবং দ্রুত তা ছড়িয়ে পড়ে। তবে বিমানবন্দরের কর্মীদের তৎপরতায় প্রায় ১৫ মিনিটের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছিল।


Share