Arrest

ভোট-পরবর্তী হিংসা মামলায় ফের বড় পদক্ষেপ! কাঁকুড়গাছি কাণ্ডে পলাতক অভিযুক্ত গ্রেফতার, কলকাতায় এনে জেরা করবে সিবিআই

জানা গিয়েছে, পরিচয় গোপন করে তিনি দিল্লিগামী একটি ট্রেনে কোচ অ্যাটেন্ড্যান্ট হিসেবে কাজ করছিলেন। সেখান থেকেই তাঁকে গ্রেফতার করা হয়।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, কাঁকুড়গাছি
  • শেষ আপডেট: ০৬ আগস্ট ২০২৬ ০৫:১৬

২০২১ সালের বিধানসভা ভোট-পরবর্তী কাঁকুড়গাছি হিংসার ঘটনায় আরও এক অভিযুক্তকে গ্রেফতার করল সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা অসম থেকে অরূপ দাস নামে ওই অভিযুক্তকে আটক করেছে। জানা গিয়েছে, পরিচয় গোপন করে তিনি দিল্লিগামী একটি ট্রেনে কোচ অ্যাটেন্ড্যান্ট হিসেবে কাজ করছিলেন। সেখান থেকেই তাঁকে গ্রেফতার করা হয়। অরূপের খোঁজ দিতে পারলে ৫০ হাজার টাকা পুরস্কার ঘোষণা করেছিল সিবিআই। তদন্তকারী সংস্থার সূত্রে খবর, ট্রানজিট রিমান্ডে তাঁকে কলকাতায় এনে জিজ্ঞাসাবাদ করা হবে।

২০২১ সালের বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর রাজ্যের একাধিক জেলায় ভোট-পরবর্তী হিংসার অভিযোগ ওঠে। সেই সময়েই কাঁকুড়গাছির বাসিন্দা অভিজিৎ সরকারকে খুন করা হয় বলে অভিযোগ। পরিবারের দাবি, ফল প্রকাশের দিনই তাঁকে গলায় তার পেঁচিয়ে এবং মারধর করে হত্যা করা হয়েছিল। প্রথমে নারকেলডাঙা থানার পুলিশ তদন্ত শুরু করলেও, পরে কলকাতা হাই কোর্টের নির্দেশে মামলার তদন্তভার সিবিআইয়ের হাতে তুলে দেওয়া হয়।

মামলার তদন্তে প্রথমে পুলিশ ১৫ জনের বিরুদ্ধে চার্জশিট জমা দেয়। পরে ২০২১ সালের সেপ্টেম্বরে সিবিআই প্রথম অতিরিক্ত চার্জশিটে মোট ২০ জনকে অভিযুক্ত করে, যার মধ্যে পুলিশের চার্জশিটে থাকা ১৫ জনের নামও ছিল। এরপর গত বছরের জুলাই মাসে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা দ্বিতীয় অতিরিক্ত চার্জশিট জমা দেয়। সেই চার্জশিটে মোট ১৮ জন অভিযুক্তের নাম উল্লেখ করা হয়।


Share