Abhishek Banarjee

সিআইডির নোটিসে ‘হেনস্তার’ অভিযোগ, এফআইআর খারিজ ও রক্ষাকবচ চেয়ে হাই কোর্টে অভিষেক, বৃহস্পতিবার শুনানির সম্ভাবনা

বিচারপতির পর্যবেক্ষণ, মামলায় রাজ্য সরকারের পক্ষের অধিকাংশ আইনজীবী উপস্থিত থাকছেন না। সেই কারণে প্রথমে রাজ্যকে নোটিস দেওয়ার নির্দেশ দেন তিনি। পাশাপাশি জানান, বৃহস্পতিবার মামলাটির শুনানি করার চেষ্টা করবেন।

কলকাতা হাই কোর্ট।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১০ জুন ২০২৬ ০৪:০৩

সিআইডির নোটিস সংক্রান্ত মামলায় এফআইআর খারিজ ও অন্তর্বর্তী রক্ষাকবচ চেয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বুধবার তাঁর পক্ষে আইনজীবী জরুরি ভিত্তিতে শুনানির আবেদন জানিয়ে আদালতের দৃষ্টি আকর্ষণ করেন।

মামলাটি বিচারপতি কৌশিক চন্দের এজলাসে উঠলে তিনি জানান, বুধবার শুনানি সম্ভব নয়। বিচারপতির পর্যবেক্ষণ, মামলায় রাজ্য সরকারের পক্ষের অধিকাংশ আইনজীবী উপস্থিত থাকছেন না। সেই কারণে প্রথমে রাজ্যকে নোটিস দেওয়ার নির্দেশ দেন তিনি। পাশাপাশি জানান, বৃহস্পতিবার মামলাটির শুনানি করার চেষ্টা করবেন।

আদালতে অভিষেকের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আমরা ভ্যাকেশন বেঞ্চে মামলা করেছিলাম। কিন্তু সময়ের অভাবে শুনানি হয়নি। বিচারপতি ১০ জুন শুনানির নির্দেশ দিয়েছিলেন।’ একই সঙ্গে তাঁর দাবি, সিআইডি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অযথা হেনস্থা করছে। সেই কারণেই জরুরি ভিত্তিতে মামলার শুনানির আবেদন জানানো হয়েছে। তবে বিচারপতি কৌশিক চন্দ স্পষ্ট করে দেন, এ দিন মামলার শুনানি নেওয়া সম্ভব নয়।

এ দিকে, মমতা বন্দ্যোপাধ্যায়ের দলীয় কার্যালয় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে সিআইডির তল্লাশি নিয়ে দায়ের হওয়া আরেকটি মামলা বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে ওঠে। আদালত মামলাটি গ্রহণের অনুমতি দিলেও দ্রুত শুনানির আবেদন খারিজ করে দেয়।


Share