Abhishek Banarjee

চার দিনে সাড়ে ৩১ ঘন্টা! উসকানিমূলক মন্তব্য মামলায় সাড়ে ছ‘ঘন্টা জিজ্ঞাসাবাদের পরে ভবানী ভবন থেকে বেরিয়ে গেলেন অভিষেক

বিধানসভা নির্বাচনের প্রচারপর্বে অভিষেক ‘ডিজে’ বাজানো নিয়ে মন্তব্য করেছিলেন। তিনি বলেছেন, “ভোটগণনার পরে ডিজে তো বাজবেই, এমন জোরে বাজবে, কান ঝালাপালা করে দেব!” অভিষেকের এমন মন্তব্যের পরে ভোট পরবর্তী সময়ে বিধাননগরের সাইবার থানায় অভিযোগ দায়ের হয়।

তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১৬ জুন ২০২৬ ০৮:৩৯

চার দিনে সাড়ে ৩১ ঘন্টা ‘ডবল ইঞ্জিন’ জিজ্ঞাসাবাদের মুখোমুখি হলেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সাড়ে ছ’ঘন্টা জিজ্ঞাসাবাদের পরে বেরিয়ে যান তিনি। নির্বাচনের সময় উসকানিমূলক মন্তব্যের অভিযোগে এ দিন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডেকে পাঠানো হয়। সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ তিনি ভবানী ভবন থেকে বেরিয়ে যান। এর পরে তিনি সোজা কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গিয়েছেন।

বিধানসভা নির্বাচনের প্রচারপর্বে অভিষেক ‘ডিজে’ বাজানো নিয়ে মন্তব্য করেছিলেন। তিনি বলেছেন, “ভোটগণনার পরে ডিজে তো বাজবেই, এমন জোরে বাজবে, কান ঝালাপালা করে দেব!” অভিষেকের এমন মন্তব্যের পরে ভোট পরবর্তী সময়ে বিধাননগরের সাইবার থানায় অভিযোগ দায়ের হয়। সেই মামলার তদন্তভার সিআইডির হাতে যায়। সেই মামলার তদন্তে নেমে মঙ্গলবার অভিষেককে সিআইডি ডেকে পাঠায়।

গত ছ’দিনে তিন বার সিআইডির দফতরে হাজির হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। গত বুধবার বিধানসভায় সই জালিয়াতি মামলায় দিল্লি থেকে কলকাতায় ফিরে সিআইডির দফতরে যান তিনি। ওই দিন অভিষেক সাড়ে পাঁচ ঘন্টা জিজ্ঞাসাবাদের সম্মুখীন হন। পরে আবার গত রবিবার তাঁকে ডেকে পাঠানো হয়। সেই দিন সাড়ে আট ঘণ্টা জেরার সম্মুখীন হয়েছিলেন। তার মধ‍্যেই প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় সোমবার তাঁকে ইডির দফতরে হাজিরার নির্দেশ দেওয়া হয়। গতকালও তিনি সিজিও কমপ্লেক্সে যান। গতকাল তাঁকে ১১ ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। এ দিন তিনি ‘নির্বাচনের পরে ডিজে বাজানো’ মন্তব্যের প্রেক্ষিতে সাড়ে ছ’ঘন্টা জিজ্ঞাসাবাদের সম্মুখীন হলেন।

মঙ্গলবার সকাল ১১টা ৪৫ মিনিট নাগাদ বাড়ি থেকে রওনা দেন তিনি। দুপুর ১২টায় তাঁর হাজিরা দেওয়ার কথা ছিল। নির্ধারিত সময়ের কয়েক মিনিট আগেই ভবানী ভবনে প্রবেশ করেন অভিষেক। এর পরে ভিজ়িটর্স বুকে সই করে ভিতরের দিকে চলে যান তিনি। ভবানী ভবনের ভিতরে প্রবেশের সময়ে অভিষেকের সঙ্গে অন্য কাউকে দেখা যায়নি। সন্ধ্যা ৬টা ২৫ মিনিট নাগাদ ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটের উদ্দেশে রওনা দেন অভিষেক। সন্ধ্যা ৭টার কিছু আগে কালীঘাটে মমতার বাড়ি যান তিনি।

গতকাল রাতে ইডির দফতর থেকে বেরিয়ে তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপিকে আক্রমণ করে বলেছিলেন, “বিজেপি নিয়ে যত কম বলা যায় তত ভাল। বিজেপি রাজ্যে বিরোধীদের কীভাবে শূন্য করে দেওয়া যায় তাই করা হয়। বিগত একমাস ধরে তা-ই করা হয়েছে। এজেন্সি দিয়ে ভয় দেখিয়ে বিধায়ক সাংসদদের ভাঙিয়ে নিয়ে গিয়েছে। কিন্তু আমি নিজেকে নিজেকে বিকিয়ে দেব না। আমার গলা কেটে নিলেও আমি বিক্রি হব না।”

সোমবার অভিষেক আরও বলেছিলেন, “এটা করে বিজেপি তাঁদের বিরোধীদের কন্ঠস্বর রোধ করার চেষ্ঠা করছে। রাজনৈতিক প্রতিহিংসার কারণেই আমাকে ডাকা হয়েছিল।”


Share