Land Scam

পশ্চিম মেদিনীপুরের জমি দুর্নীতি মামলায় ভবানী ভবনে সুমিত, অভিষেকের আপ্তসহায়ককে জিজ্ঞাসাবাদ করবে সিআইডি

গ্রেফতারির আশঙ্কায় সুমিত রায় হাই কোর্টে রক্ষাকবচ চেয়ে আবেদন জানান। কিন্তু ডেবরা থানায় চাকরি প্রতারণা মামলায় রক্ষাকবচ দিলেও জমি দুর্নীতি মামলায় বিচারপতি সৌগত ভট্টাচার্য রক্ষাকবচের মামলা খারিজ করে দেন।

সুমিত রায়।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০৮ আগস্ট ২০২৬ ১১:৩২

দীর্ঘদিন নিখোঁজ ছিলেন। তাঁকে খুঁজেই পাচ্ছিল না পুলিশ। সুপ্রিম কোর্টের নির্দেশের পরে অবশেষে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায় ভবানী ভবনে এলেন। শনিবার সকাল ১০টার কিছু আগে তিনি ভবানী ভবনে এসে পৌঁছোন। পশ্চিম মেদিনীপুরের শালবনি থানার এলাকায় জমি দুর্নীতি মামলায় সিআইডি তাঁকে জিজ্ঞাসাবাদ করতে চায়। পুলিশ সূত্রের খবর, এখনও জিজ্ঞাসাবাদ শুরু হয়নি। আর কিছু ক্ষণের মধ্যে সিআইডির আধিকারিকেরা সুমিতকে জিজ্ঞাসাবাদ করা শুরু করবেন।

জমি দুর্নীতি মামলায় শালবনি থানায় দুটি এফআইআর দায়ের করা হয়েছে। সেই মামলায় তদন্ত করতে শালবনি থানার পুলিশ আগেই তৃণমূল নেতা সুজয় হাজরাকে গ্রেফতার করেছিল। গত কয়েকদিন আগে ভোর রাতে অভিষেকের কালীঘাটের বাড়িতে ঢুকে পুলিশ তল্লাশি চালায়। পরে সেই মামলায় তদন্তভার সিআইডির কাছে যায়।

গ্রেফতারির আশঙ্কায় সুমিত রায় হাই কোর্টে রক্ষাকবচ চেয়ে আবেদন জানান। কিন্তু ডেবরা থানায় চাকরি প্রতারণা মামলায় রক্ষাকবচ দিলেও জমি দুর্নীতি মামলায় বিচারপতি সৌগত ভট্টাচার্য রক্ষাকবচের মামলা খারিজ করে দেন। তা চ‍্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা করেন। সুপ্রিম কোর্ট নির্দেশ দেয়, সুমিতকে তদন্তে সহযোগিতা করতে হবে। সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত তাঁকে সিআইডির আধিকারিকেরা জিজ্ঞাসাবাদ করতে পারবেন। পরবর্তী শুনানির দিন পর্যন্ত তাঁকে রক্ষাকবচ দেয় শীর্ষ আদালত। এর পরেই গতকাল সন্ধ্যায় আলিপুরের সুমিত রায়ের বাড়িতে নোটিশ দিয়ে আসে সিআইডি। এর পরেই তিনি ভবানী ভবনে হাজিরা দেন।


Share