Job Scam

সিআইডি ‘সাড়ে পাঁচ’, ইডির তার ‘দ্বিগুণ’, ১১ ঘন্টা পরে সিজিও কমপ্লেক্স থেকে বের হলেন অভিষেক, রেকর্ড করা হল বয়ান

প্রাথমিকে নিয়েগ দুর্নীতি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করা হয়েছে। সোমবার সকালে তিনি সিজিও কমপ্লেক্সে পৌঁছে গিয়েছেন। তার পরে জিজ্ঞাসাবাদ করা শুরু হয়। ইডি সূত্রের খবর, আদালতে দেওয়া সিবিআইয়ে তৃতীয় অতিরিক্ত চার্জশিটের সূত্র ধরেই তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১৫ জুন ২০২৬ ১০:২৭

সই জালিয়াতি মামলায় সিআইডি সাড়ে পাঁচ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেছিল। প্রাথমিকে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় সিআইডির দ্বিগুণ সময়ে ধরে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করল। ১১ ঘন্টা পরে তিনি সিজিও কমপ্লেক্সের ইডির দফতর থেকে বেরিয়ে গেলেন। ইডি সূত্রের খবর, জিজ্ঞাসাবাদ করার সময় তাঁর বয়ান রেকর্ড করা হয়েছে। সেই বয়ান দিল্লিতে পাঠানো হয়েছে। এই মামলাতে আবার তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য সিজিও কমপ্লেক্সে ডাকা হতে পারে বলেও জানা গিয়েছে।

সোমবার সকাল ১১টার আগেই কালীঘাটের বাড়ি থেকে বেরোন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বেধে দেওয়া সময়ের আগেই সিজিও কমপ্লেক্সে ইডির দফতরে পৌঁছোন। প্রাথমিকে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ইডির তৃতীয় অতিরিক্ত চার্জশিটের সূত্র ধরে অভিষেককে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তাতে একটি অডিয়ো রেকর্ডিংয়ের কথা উল্লেখ রয়েছে। তাতে নিয়োগ দুর্নীতির ঘুষের টাকার ভাগাভাগি নিয়ে আলোচনা হয়েছে বলে অভিযোগ। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কীভাবে টাকা তুলে দেওয়া হবে তা নিয়ে দ্বন্দ্ব হয়েছে বলে ইডি দাবি করেছে।

এই তৃতীয় অতিরিক্ত চার্জশিটের সূত্র ধরে সোমবার দুপুর থেকে অভিষেককে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। ইডি সূত্রের খবর, অভিষেক ইডির বেশ কয়েকটি প্রশ্নের উত্তর দেননি। আবার কিছু প্রশ্নের উত্তর এমন দিয়েছেন তাতে ইডির তদন্তকারীরা সন্তুষ্ট হননি। ইডি সূত্রে আরও জানা গিয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বয়ান রেকর্ড করা হয়েছে। সেই রেকর্ড ইতিমধ্যেই দিল্লিতে পাঠিয়ে দেওয়া হয়েছে।

যদিও সিজিও কমপ্লেক্স থেকে বেরোনোর পরে তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দাবি, তাঁকে যতবার ডাকা হয়েছে ততবার তিনি তদন্তকারীদের জেরার মুখোমুখি হয়েছেন। বলেন, “এর আগে আমি আমি ১০ থেকে ১২ বার গিয়েছি। দিল্লিতে ডেকেছিল, সেখানেও গিয়েছি। এর পরেও যতবার আমাকে ডাকবে আমি ততবারই আসব।”

যদিও অভিষেকের দাবি, প্রাথমিকে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ইডির আধিকারিকেরা যা প্রশ্ন করেছেন, তার সবকটি প্রশ্নের উত্তর তিনি দিয়েছেন। তদন্তকারীদের যতটা সাহায্য করা যায় ততটাই তিনি করেছেন। তিনি বলেন, চার বছর আগে ইডি এই মামলায় ইসিআইআর দায়ের করেছিল। ওই বছরে যখন আমায় ডেকেছিল তাঁরা। আমি দু’বারই গিয়েছি। এই মামলায় যাঁরা— পার্থ চট্টোপাধ্যায়-সহ বেশ কয়েক জন গ্রেফতার হয়ছিলেন। তাঁরা সকলেই এখন জামিনে মুক্ত রয়েছেন।“

এর পরেই অভিষেক রাজ‍্যের শাসকদলকে আক্রমণ করে বলেছেন, “বিজেপি নিয়ে যত কম বলা যায় তত ভাল। বিজেপি রাজ্যে বিরোধীদের কীভাবে শূন্য করে দেওয়া যায় তাই করা হয়। বিগত একমাস ধরে তা-ই করা হয়েছে। এজেন্সি দিয়ে ভয় দেখিয়ে বিধায়ক সাংসদদের ভাঙিয়ে নিয়ে গিয়েছে। কিন্তু আমি নিজেকে নিজেকে বিকিয়ে দেব না। আমার গলা কেটে নিলেও আমি বিক্রি হব না।”

সোমবার অভিষেক আরও বলেন, “এটা করে বিজেপি তাঁদের বিরোধীদের কন্ঠস্বর রোধ করার চেষ্ঠা করছে। রাজনৈতিক প্রতিহিংসার কারণেই আমাকে ডাকা হয়েছিল।”


Share