TMC Political Crisis

এসএসকেএম নয় বিদেশেই চিকিৎসা করাতে চান অভিষেক, আদালতের শর্ত না মানায় মামলা খারিজ করলেন বিচারপতি সৌগত ভট্টাচার্য

বিচারপতি সৌগত ভট্টাচার্য বলেন, “অভিষেক কেন তাঁর চিকিৎসার জন্য বিদেশযাত্রা প্রয়োজন আদালত সেই কারণ খুঁজে পায়নি। আদালতের পর্যবেক্ষণ, তাই এই মামলা বিচারাধীন থেকে লাভ নেই। তাই মামলা খারিজ করা হল।”

আবার কলকাতা হাই কোর্টে ধাক্কা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০৫ আগস্ট ২০২৬ ১২:৩৩

চোখের চিকিৎসা করাতে তিনি বিদেশেই যেতে চান। কলকাতার কোনও হাসপাতালে তিনি চোখের চিকিৎসা করাতেই চান না। শর্ত না মানায় বিদেশে গিয়ে চোখের চিকিৎসার আবেদন খারিজ করে দিল কলকাতা হাই কোর্ট। বৃহস্পতিবার তৃণমূল সাংসদকে এসএসকেএম হাসপাতালে গিয়ে চোখের পরীক্ষা করাতে আবার পরামর্শ দিল কলকাতা হাই কোর্ট। কিন্তু তা তিনি চান না। তাই মামলাটাই খারিজ করে দিল কলকাতা হাই কোর্ট।

চোখের চিকিৎসা করতে আমেরিকায় যেতে চেয়ে অনুমতির জন্য কলকাতা হাই কোর্টে মামলা দায়ের করেছিলেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তা নিয়ে সোমবার শীর্ষ আদালতে শুনানি হয়েছে। প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল‍্য বাগচী এবং বিচারপতি ভি মোহনার বেঞ্চে শুনানি হয়। সওয়াল-জবাব শোনার পরে মামলাটিকে হাই কোর্টে ফেরত পাঠায়। আগামী এক সপ্তাহের মধ্যেই এই মামলার নিষ্পত্তি করতে নির্দেশ দেওয়া হয়। সেই মতো বুধবার মামলাটির শুনানি হয়।

এ দিন বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চে মামলাটির শুনানি হয়েছে। বিচারপতি ভট্টাচার্য পর্যবেক্ষণে জানান, আদালত স্বাস্থ্য বিশেষজ্ঞ নয়। বাকিরাও নয়। তাই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এসএসকেএম হাসপাতালের চক্ষুরোগ বিশেষজ্ঞের নেতৃত্বে গঠন করা মেডিকেল বোর্ডের কাছে যেতে হবে। আগামীকাল, বৃহস্পতিবারই একটি নির্দিষ্ট সময়ে তিনি যেতে পারবেন। 

গত ২০ জুলাইয়ের শুনানিতে কলকাতা হাই কোর্ট তৃণমূল সাংসদকে এসএসকেএম হাসপাতালে চোখের চিকিৎসা করাতে যাওয়ার জন‍্য নির্দেশ দেন। চক্ষুরোগ বিশেষজ্ঞদের নিয়ে তৈরি করা মেডিকেল বোর্ড যদি মনে করে তাঁর চোখের চিকিৎসা কলকাতায় সম্ভব নয় তবেই আবার এই বিষয়ে আদালতকে জানাতে পারবেন। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দাবি, এই মুহূর্তে চিকিৎসা গুরুত্বপূর্ণ। কোথায় সেই চিকিৎসা হবে সেটা কোনও বিষয় নয়। তিনি এসএসকেএম হাসপাতালের মেডিকেল বোর্ডের মুখোমুখির হতে চান না। তিনি এর আগে বিদেশে যে ডাক্তারের কাছে আগে থেকে চোখ দেখিয়ে আসছেন তাঁর কাছে চোখের চিকিৎসা চালিয়ে যেতে চান। তাঁরা ৭ অগস্ট মতামত সম্পর্কে জানাবেন বলেও জানায় কলকাতা হাই কোর্ট। 

আদালত তার পর্যবেক্ষণে এ-ও জানিয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একাধিক ফৌজদারি মামলা রয়েছে। সেই মামলার তদন্ত এখনও চলছে। আদালত বিষয়টি সম্পর্কে অবগত রয়েছে। অন‍্য দিকে, হেয়ার স্ট্রিট থানায় তাঁর বিরুদ্ধে একটি অভিযোগ অন্য বেঞ্চে বিচারাধীন রয়েছে। আগামীকালও এই আদালতে তিনটি এফআইআর সংক্রান্ত রক্ষাকবচ সংক্রান্ত একটি মামলা রয়েছে।

দু’পক্ষের সওয়াল-জবাব শোনার পরে বিচারপতি সৌগত ভট্টাচার্য বলেন, “অভিষেক কেন তাঁর চিকিৎসার জন্য বিদেশযাত্রা প্রয়োজন আদালত সেই কারণ খুঁজে পায়নি। আদালতের পর্যবেক্ষণ, তাই এই মামলা বিচারাধীন থেকে লাভ নেই। তাই মামলা খারিজ করা হল।”


Share