Kolkata Police

‘শুভেন্দুবাবুর সঙ্গে কথা বলতে চাই’, টালায় বাতিস্তম্ভে উটে দাবি যুবকের, নামিয়ে আনতে কালঘাম ছুটল পুলিশের

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় পুলিশ, বিপর্যয় মোকাবিলা বাহিনী। প্রায় ৪০ মিনিট ধরে এই নাটক চলতে থাকে। পরবর্তীতে পুরসভার গাছ কাটার একটি গাড়ি সেখানে গিয়ে নামিয়ে আনতে সক্ষম হয়েছে। পুলিশ সূত্রের খবর, ওই যুবক এলাকায়ই। মানসিক ভাবে ভারসাম্যহীন। তবে এর জেরে অফিস ফেরত যাত্রীরা সমস্যায় পড়েন। লম্বা যানজট সৃষ্টি হয়।

বাতিস্তম্ভের মাথায় যুবক।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০৪ আগস্ট ২০২৬ ০৮:২১

ভরসন্ধ‍্যায় টালা ব্রিজের বাতিস্তম্ভের ওপরে উঠে পড়ল যুবক। সকলের সামনেই কিছু বুঝে ওঠার আগেই খুব দ্রুতই তাতে উঠে পড়ে সে। এর পরেই ওই বাতিস্তম্ভের ওপরে বসে দাবি জানায়, তিনি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা না করালে তিনি নীচে নামবেন না।

মঙ্গলবার বিকেল সাড়ে ৫টা নাগাদ টালা ব্রিজের ওপরে একটি বাতিস্তম্ভের নীচে এসে এক যুবক দাঁড়ায়। এর পরেই রড ধরে ওপরে তরতরিয়ে উঠে পড়ে এক যুবক। সেখানে উঠেই নিজের জামা খুলে রডে ঝুলিয়ে দেয়। বাতিস্তম্ভের ক‍্যান্টিলিভার ধরে কসরতও করতে তাকে দেখা গিয়েছে। কিছু ক্ষণ এ সব চলার পরে পকেট থেকে মোবাইল বের করে কিছু ভিডিয়ো দেখায়। এর পরে নিজেই ভিডিয়ো করা শুরু করে। কখনও কখনও স্টান্ট করতেও তাকে দেখা গিয়েছে।

যুবকের এমন কীর্তি দেখে ভিড় জমে যায়। কেউ কেউ গাড়ি দাঁড় করিয়ে তাকে নীচে নেমে আসার জন‍্য বলে। কিন্তু তাতেও ওই যুবক কর্ণপাত করেনি। মাঝে মধ্যে ক‍্যান্টিলিভারে বসে চিৎকার শুরু করে। স্থানীয়দের কথায়, ওই যুবক বলছিল, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে কথা বলতে চায়। না বলালে ওপর থেকে নীচে নামবে না। আবার কখনও বলে, ‘ওসির ভুড়িঁ ফাটিয়ে দেব।’

Share