Special Intensive Rivision

সুপ্রিম কোর্টের নির্দেশে তৎপর কলকাতা হাই কোর্ট, এসআইআর তদারকিতে প্রতিটি জেলায় তিন সদস্যের কমিটি, সোমবার থেকেই নথি যাচাই শুরু

রবিবার উত্তর কলকাতার বিভিন্ন আদালতের বিচারকদের সঙ্গে নির্বাচন কমিশনের প্রতিনিধিরা বৈঠক করেন। বিচারবিভাগীয় আধিকারিকদের জন্য আলাদা করে প্রশিক্ষণেরও আয়োজন করা হয়। এ দিন বিকেল চারটেয় জেলা বিচারকদের সঙ্গে কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি এবং রেজিস্ট্রার জেনারেল ভার্চুয়াল বৈঠক করবেন।

বৈঠক শেষে বেরিয়ে যাচ্ছেন বিচারকেরা
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০২৬ ০২:৫০

সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল ভোটার তালিকা নিবিড় সংশোধনের (এসআইআর) নথি যাচাই ও নিষ্পত্তির কাজ তদারকির জন্য জেলায় জেলায় তিন সদস্যের কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন। সোমবার থেকেই তথ্য যাচাইয়ের কাজ শুরু হবে। তার আগে রবিবার বিচারবিভাগীয় আধিকারিকদের সঙ্গে নির্বাচন কমিশনের প্রতিনিধিরা বৈঠক করছেন। পাশাপাশি জুডিশিয়াল অফিসারদের প্রশিক্ষণের ব্যবস্থাও করা হয়েছে, যাতে তাঁদের বোঝানো যায় কীভাবে এই প্রক্রিয়া পরিচালিত হবে।

রবিবার উত্তর কলকাতার বিভিন্ন আদালতের বিচারকদের সঙ্গে নির্বাচন কমিশনের প্রতিনিধিরা বৈঠক করেন। বিচারবিভাগীয় আধিকারিকদের জন্য আলাদা করে প্রশিক্ষণেরও আয়োজন করা হয়। এ দিন বিকেল ৪টের সময় জেলা বিচারকদের সঙ্গে কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি এবং রেজিস্ট্রার জেনারেল ভার্চুয়াল বৈঠক করবেন বলে জানা গিয়েছে।

এই বৈঠকের মূল উদ্দেশ্য, এসআইআর সংক্রান্ত কাজের কীভাবে করবেন বিচারবিভাগীয় আধিকারিকের, তা স্পষ্ট করে দেওয়া। হাতে সময় প্রায় নেই বললেই চলে। তাই হাই কোর্ট সোমবার থেকেই কাজ শুরুর নির্দেশ দিয়েছে। জেলার জন্য হাই কোর্ট যে বিচারবিভাগীয় আধিকারিকের তালিকা প্রকাশ করেছে, রবিবার তাঁদের নিয়েই প্রতিটি জেলায় বৈঠক ও প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।

সূত্রের খবর, উত্তর কলকাতার ক্ষেত্রে ১৩ জন জুডিশিয়াল অফিসারের নামের তালিকা প্রকাশিত হয়েছে। তাঁদের বৈঠক ও প্রশিক্ষণ অনুষ্ঠিত হয় কলকাতায় টি বোর্ড অফ ইন্ডিয়ার দফতরে। সেখানে বিচারবিভাগীয় আধিকারিক, রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের প্রতিনিধি এবং ভার্চুয়াল মাধ্যমে নির্বাচন কমিশনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। নগর দায়রা আদালত, সিবিআই কোর্ট ও স্পেশাল কোর্টের বিচারকরাও এই প্রশিক্ষণ-বৈঠকে অংশ নেন।

ইতিমধ্যেই সেই বৈঠক শেষ হয়েছে। বিচারকেরা সেখান থেকে বেরিয়ে গিয়েছেন বলেও জানা গিয়েছে।


Share