TMC Political Crisis

রাস্তা বন্ধ করে আয়োজিত ২১ জুলাই, কালীঘাট তৃণমূলের বিরুদ্ধে হেস্টিংস থানায় স্বতঃপ্রণোদিত মামলা দায়ের

পুলিশের অভিযোগ, আদালতের স্পষ্ট নির্দেশ থাকা সত্ত্বেও সভার আয়োজকেরা তা ইচ্ছাকৃতভাবে অমান্য করেছেন। তাই এই ঘটনাকে আদালত অবমাননার শামিল বলেই মনে করছে পুলিশ।

হেস্টিংস থানা।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২৩ জুলাই ২০২৬ ১২:১২

কলকাতা হাই কোর্টের বেঁধে দেওয়া শর্ত লঙ্ঘন করে ২১ জুলাইয়ের সমাবেশ করেছে কালীঘাট তৃণমূল এমন অভিযোগে স্বতঃপ্রণোদিত পদক্ষেপ করল হেস্টিংস থানার পুলিশ। থানার এক সাব-ইনস্পেক্টরের (এসআই) লিখিত অভিযোগের ভিত্তিতে এ বিষয়ে আইনি প্রক্রিয়া শুরু হয়েছে।

কলকাতার তারামণ্ডলের সামনে ক্যাথিড্রাল রোডে সভা করার জন্য কালীঘাট তৃণমূলকে অনুমতি দিয়েছিল কলকাতা হাই কোর্ট। আদালত স্পষ্ট নির্দেশ দিয়েছিল, রাস্তার এক দিকের লেনেই সভা করা যাবে এবং অন্য লেনটি যান চলাচলের জন্য সম্পূর্ণ খোলা রাখতে হবে, যাতে যানজটের সৃষ্টি না হয়। তবে পুলিশ সূত্রের দাবি, সভা চলাকালীন পূর্ব দিকের নির্ধারিত লেনের পাশাপাশি পশ্চিম দিকের লেনেও কর্মী-সমর্থকদের ভিড় জমে। এর ফলে ওই লেনেও যান চলাচল ব্যাহত হয় এবং এলাকায় যানজটের পরিস্থিতি তৈরি হয়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বড় ধরনের যানজট এড়াতে ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনে দিয়ে অন্যান্য যানবাহনকে বিকল্প পথে ঘুরিয়ে দেওয়া হয়। এর জেরে শহরের অন্য অংশে যানজটের সৃষ্টি হয়। পুলিশের অভিযোগ, আদালতের স্পষ্ট নির্দেশ থাকা সত্ত্বেও সভার আয়োজকেরা তা ইচ্ছাকৃতভাবে অমান্য করেছেন। তাই এই ঘটনাকে আদালত অবমাননার শামিল বলেই মনে করছে পুলিশ।

ঘটনার জেরে সমাবেশের আয়োজক এবং কালীঘাট তৃণমূলের আহ্বায়কদের বিরুদ্ধে রাস্তা অবরোধ ও আদালতের নির্দেশ অমান্যের অভিযোগে একাধিক ধারায় মামলা দায়ের করেছে পুলিশ। ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে এবং অভিযুক্তদের শনাক্ত করার প্রক্রিয়াও চলছে। তদন্তের স্বার্থে প্রয়োজন হলে কালীঘাট তৃণমূলের দলীয় কার্যালয়ে নোটিশ পাঠানো হতে পারে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

২১ জুলাইয়ের সমাবেশের আগের রাতে সভাস্থলের ব্যানার ও পোস্টার ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছিল। এ নিয়ে কালীঘাট তৃণমূল হাই কোর্টেরও দৃষ্টি আকর্ষণ করে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২০ জুলাই রাত প্রায় ১০টা নাগাদ ১০ থেকে ১৫ জন যুবক মোটরসাইকেলে করে ক্যাথিড্রাল রোডে সমাবেশস্থলের কাছে পৌঁছোয়। অভিযোগ, তারা স্লোগান দিতে দিতে এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি করে এবং সভার জন্য টাঙানো একটি ব্যানার ছিঁড়ে ফেলে। কর্তব্যরত পুলিশকর্মীরা তাড়া করলে অভিযুক্তরা নিজেদের দু’টি মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে পুলিশ বাইক দু’টি এবং ছেঁড়া ব্যানারটি উদ্ধার করে বাজেয়াপ্ত করেছে। বাইকের নম্বর এবং আশপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তদের পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে।


Share