Ragging

কলকাতার পলিটেকনিক কলেজে প্রথম বর্ষের ছাত্রকে র‍্যাগিংয়ের অভিযোগ, কাশীপুর থানায় অভিযোগ দায়ের করল কর্তৃপক্ষ

কলেজের অ‍্যান্টি র‍্যাগিং কমিটির কাছে র‍্যাগিংয়ের অভিযোগ জমা পড়েছে। কলেজ কর্তৃপক্ষ কাশীপুর থানাতে র‍্যাগিংয়ের অভিযোগ দায়ের করেছেন। অজ্ঞাতপরিচয় ছাত্রদের বিরুদ্ধে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে কাশীপুর থানা।

নর্থ ক‍্যালকাটা পলিটেকনিক কলেজ।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০২৬ ১২:২৮

প্রথম বর্ষের পড়ুয়াকে ডেকে নিয়ে গিয়ে র‍্যাগিংয়ের অভিযোগ উঠল। ঘটনাটি ঘটেছে নর্থ ক‍্যালকাটা পলিটেকনিক কলেজে। সেখানে ওই ছাত্রকে ওঠবস করানোর অভিযোগ উঠেছে। তা করতে অস্বীকার করালে হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগ। কলেজ কর্তৃপক্ষের বিষয়েটি নজরে আসে। তার পরেই কাশীপুর থানায় অভিযোগ দায়ের হয়েছে।

গত ১৩ ফেব্রুয়ারি দুপুরে ঘটনাটি ঘটেছে। অভিযোগ, সেদিন দুপুরে নর্থ ক‍্যালকাটা পলিটেকনিক কলেজে কয়েক জন দ্বিতীয় এবং তৃতীয় বর্ষের ছাত্র এক প্রথম বর্ষের ছাত্রকে ডেকে পরিচয় জানতে চায়। তার পরে ওই ছাত্রকে ওঠবস করতে বলে। ওই ছাত্রদের বিরুদ্ধে আরও অভিযোগ, তাঁরা তাঁকে প্রাণে মেরে ফেলারও হুমকি দেয়। এমনকী, গত কয়েক দিন ধরেই এমন ভাবেই উত্তপ্ত করা হচ্ছিল। শেষমেশ আর সহ‍্য করতে না পেরে ওই ছাত্র কলেজ কর্তৃপক্ষ, ইউজিসিকে গোটা বিষয়টি জানান।

অভিযোগ পেয়ে ইউজিসি সুপ্রিম কোর্টের রায় উল্লেখ করে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্বরূপ করকে ২৪ ঘন্টার মধ্যে অভিযোগ দায়ের করার জন‍্য নির্দেশ দিয়ে চিঠি দেয়। পরের দিন ১৪ ফেব্রুয়ারি কাশীপুর থানায় অভিযোগ দায়ের করেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্বরূপ করঅজ্ঞাতপরিচয় ছাত্রদের বিরুদ্ধে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে কাশীপুর থানার পুলিশ। তদন্তকারীরা কলেজের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছেন। কলেজের দ্বিতীয় ও তৃতীয় বর্ষের কয়েক জনকে ছাত্রকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। রেকর্ড করা হয়েছে বয়ান। কলেজ কর্তৃপক্ষের সঙ্গেও কথা বলেছে পুলিশ।


Share