Bomb Blast

রাজারহাটের বাড়িতে মজুত করে রাখা বোমা থেকে জোরালো বিস্ফোরণ, তছনছ গোটা ঘর, আটক এক ব্যক্তি

গভীর রাতে বিকট বিস্ফোরণের শব্দে এলাকায় উত্তেজনা ছড়ায়। ঘটনার পরে বাসিন্দারা বাড়ি থেকে বেরিয়ে আসেন। ঘটনাস্থলে পুলিশ এবং বোম্ব স্কোয়াড আসে। তাঁরা ওই ঘরের পরীক্ষা করেছে।

রাজারহাটে বোমা বিস্ফোরণ।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১৮ জুলাই ২০২৬ ১২:৩৯

গভীর রাতে বিস্ফোরণে কাঁপল রাজারহাটের একটি বাড়ি। দক্ষিণ নারায়নপুরের একটি তিন তলা বাড়িতে ঘটনাটি ঘটেছে। মজুত করে রাখা বোমা ফেটে বিস্ফোরণ হয়েছে বলে জানা গিয়েছে। মহম্মদ মহসিন নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশ জিজ্ঞাসাবাদ করছে।

জানা গিয়েছে, শুক্রবার গভীর রাতে রাজারহাট থানার দক্ষিণ নারায়ণপুরের সুপারিবাগানের এলাকায় একটি বাড়ির দোতলার একটি ঘরে জোরালো বিস্ফোরণ হয়েছে। বিস্ফোরণের জেরে বাড়ির একাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘরের দরজা-জানালা ভেঙে গিয়েছে। বিস্ফোরণের তীব্রতায় লোহার গেট উড়ে গিয়েছে। এখনও পর্যন্ত ঘটনায় একজন জখম হয়েছে বলে জানা গিয়েছে। তাঁর চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। বিকট শব্দে আশপাশের বাসিন্দারা আতঙ্কিত হয়ে বাইরে বেরিয়ে আসেন। 

স্থানীয় সূত্রে খবর, কয়েক দিন আগে একটি পরিবারকে ওই বাড়ির দোতলায় ভাড়া দেওয়া হয়েছিল। তারাই থাকতে শুরু করেছিল। সূত্রের খবর, ঘটনার সময় তারা কেউই ওই ঘরে ছিলেন না বলেই। তবে একটি সিসি ক্যামেরার ফুটেজ ভাইরাল হয়েছে। তাতে এক ব‍্যক্তিকে হাতে ব‍্যাগ নিয়ে সিঁড়ি দিয়ে নেমে বেরিয়ে যেতে দেখা যাচ্ছে। ঘটনায় মহম্মদ মহসিন নামে এক ব্যক্তিকে রাজারহাট থানায় নিয়ে আটক করে নিয়ে যাওয়া হয়েছে। 

গভীর রাতে বিকট বিস্ফোরণের শব্দে এলাকায় উত্তেজনা ছড়ায়। ঘটনার পরে বাসিন্দারা বাড়ি থেকে বেরিয়ে আসেন। ঘটনাস্থলে পুলিশ এবং বোম্ব স্কোয়াড আসে। তাঁরা ওই ঘরের পরীক্ষা করেছে। ঘরের ভিতরে ছড়িয়ে-ছিটিয়ে বোমা পড়ে রয়েছে। কয়েকটি বোমা ফেলেছে। বোমার স্প্লিন্টার দেওয়ালে লেগে রয়েছে। পুলিশ সূত্রের খবর, শনিবার দুপুরে সেখানে ফরেন্সিকের একটি দল যেতে পারে। তারা ঘটনাস্থলের নমুনা সংগ্রহ করবেন।

পুলিশ স্থানীয়দের বয়ান নিয়েছে। বিস্ফোরণের প্রকৃতি, কীভাবে তা ঘটল তা জানার চেষ্টা করা হচ্ছে। কী কারণে সেখানে বোমা মজুত করা হয়েছিল তা জানার চেষ্টা করছে পুলিশ। কারাই বা সেখানে বোমা মজুত করল তাদের খোঁজ শুরু হয়েছে।


Share