Liquor Price

পুজোর আগেই রাজ্যে মদের দামে বদল, ১ অক্টোবর থেকে কার্যকর হবে নতুন মূল্যকাঠামো

বিদেশি মদ, বিয়ার এবং ভারতে তৈরি মদের জন্য নতুন মূল্যকাঠামো তৈরির প্রক্রিয়া শুরু করেছে পশ্চিমবঙ্গ রাজ্য পানীয় নিগম। ১ অক্টোবর ২০২৬ থেকে নতুন মূল্য কার্যকর হওয়ার কথা।

প্রতীকী চিত্র
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৬ ০২:৪০

উৎসবের মরসুম শুরুর আগেই রাজ্যে মদের দামে বড় পরিবর্তনের ইঙ্গিত। বিদেশি মদ, বিয়ার এবং ভারতে তৈরি মদ—তিন ধরনের মদের জন্যই নতুন মূল্যকাঠামো তৈরির প্রক্রিয়া শুরু করেছে পশ্চিমবঙ্গ রাজ্য পানীয় নিগম। তবে ঠিক কত টাকা বা কত শতাংশ দাম বাড়বে, সেই বিষয়ে এখনও কোনও নির্দিষ্ট তথ্য প্রকাশ করা হয়নি। নিগমের সাম্প্রতিক বিজ্ঞপ্তি অনুযায়ী, ১ অক্টোবর ২০২৬ থেকে নতুন মূল্য কার্যকর করার প্রস্তুতি চলছে।

মে মাসে নতুন সরকার ক্ষমতায় আসার পর থেকেই রাজস্ব বৃদ্ধির দিকে বিশেষ নজর দেওয়া হয়েছে বলে প্রশাসনিক সূত্রের দাবি। সেই লক্ষ্যেই পুজোর আগে মদের মূল্য ও পণ্য নথিভুক্তির প্রক্রিয়ায় পরিবর্তন আনা হচ্ছে। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, কোনও পণ্যের দাম অপরিবর্তিত থাকলেও সেটিকেও নতুন করে নথিভুক্ত করতে হবে।

গত ৩ সেপ্টেম্বর পশ্চিমবঙ্গ রাজ্য পানীয় নিগমের সদর দফতরে এ নিয়ে বৈঠক হয়। বিদেশি মদ, বিয়ার এবং ভারতে তৈরি মদ সরবরাহের জন্য প্রকাশিত এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট বা ইওআই নিয়ে বিভিন্ন সংস্থা ও প্রস্তুতকারকদের সঙ্গে আলোচনা করেন কর্তৃপক্ষ। ২৫ অগস্ট প্রকাশিত তিনটি ‘প্রি-বিড’-এর ভিত্তিতেই এই বৈঠক হয়।

বৈঠকে সংস্থাগুলিকে নতুন করে মূল্য সংক্রান্ত নথি জমা দেওয়া এবং পণ্য নথিভুক্তির নিয়ম সম্পর্কে একাধিক বিষয় জানানো হয়। নিগমের বিজ্ঞপ্তি অনুযায়ী, ইওআই গ্রহণের পর সমস্ত পণ্যকে নতুন মূল্যের ভিত্তিতে আবার নথিভুক্ত করতে হবে। ১ অক্টোবর ২০২৬ থেকে সেই নতুন মূল্য কার্যকর হওয়ার কথা। এমনকি কোনও ব্র্যান্ডের দাম আগের মতোই থাকলেও তার নতুন করে নথিভুক্তি বাধ্যতামূলক করা হয়েছে।

নতুন মূল্য নির্ধারণের ক্ষেত্রেও নির্দিষ্ট নিয়ম মানতে হবে। সংশ্লিষ্ট সংস্থাগুলিকে প্রচলিত আবগারি আইন মেনে মূল্য ঘোষণা করতে হবে। পাশাপাশি ৩০ জুন ২০২৬-এ কার্যকর সর্বভারতীয় সর্বনিম্ন নির্ধারিত মূল্যের সঙ্গেও সেই দাম সামঞ্জস্যপূর্ণ হতে হবে। পণ্য মজুত এবং পরিচালনার খরচও নির্ধারিত সীমার মধ্যে রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

অন্যদিকে, ইতিমধ্যে দোকানে থাকা পুরনো দামের মদের বোতল নিয়েও নির্দেশ দেওয়া হয়েছে। বর্তমান বোতল-লেবেল নথিভুক্তির বৈধতা যতদিন থাকবে, ততদিন সেই পুরনো দামের মদ বিক্রি করা যাবে। পুজোর সময়ে যাতে মদের জোগানে কোনও সমস্যা না হয়, সে জন্য প্রস্তুতকারকদের নিয়মিত সরবরাহ বজায় রাখতেও বলা হয়েছে।

পুজোর মরসুমে মদের বিক্রি থেকে রাজ্যের আবগারি রাজস্ব উল্লেখযোগ্য পরিমাণে আসে। ফলে উৎসবের ঠিক আগে নতুন মূল্যকাঠামো কার্যকর করার সিদ্ধান্তকে রাজস্ব বৃদ্ধির পরিকল্পনার গুরুত্বপূর্ণ অংশ বলেই মনে করা হচ্ছে।

নবান্নের এক শীর্ষ আধিকারিকের দাবি, নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই রাজ্যের নিজস্ব আয় বাড়ানোর দিকে গুরুত্ব দেওয়া হয়েছে। সরকারের হিসাব অনুযায়ী, প্রথম তিন মাসে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সরকারের রাজস্ব বৃদ্ধির হার ১৮ শতাংশে পৌঁছেছে। অন্যদিকে, আগের সরকারের রেখে যাওয়া প্রায় ৮ লক্ষ কোটি টাকার দেনার বোঝাও বর্তমান সরকারের সামনে বড় আর্থিক চ্যালেঞ্জ। এই পরিস্থিতিতে নিজস্ব রাজস্বের উৎসগুলিকে আরও শক্তিশালী করার চেষ্টা চলছে। মদ থেকে পাওয়া আবগারি রাজস্বও সেখানে গুরুত্বপূর্ণ।

তবে এখনই মদের বোতলপিছু দাম কতটা বাড়বে, তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। কোন ব্র্যান্ডের দাম কত পরিবর্তিত হবে, সেই সংক্রান্ত কোনও নির্দিষ্ট তালিকাও বিজ্ঞপ্তিতে প্রকাশ করা হয়নি। আপাতত নতুন করে পণ্য নথিভুক্তি, মূল্য সংক্রান্ত তথ্য জমা এবং ১ অক্টোবর থেকে নতুন মূল্য হিসাব কার্যকর করার বিষয়টিই জানানো হয়েছে।

নিগমের নথি অনুযায়ী, সংশ্লিষ্ট সংস্থাগুলিকে নির্দিষ্ট পদ্ধতিতে আবেদন করতে হবে। প্রয়োজনীয় নথিতে ডিজিটাল স্বাক্ষর করে তা অনলাইনে জমা দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে। অর্থাৎ প্রশাসনিক স্তরে নতুন মূল্যকাঠামো কার্যকর করার প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে।

১০ অক্টোবর মহালয়ার মাধ্যমে দেবীপক্ষের সূচনা হওয়ার কথা। তার আগেই, ১ অক্টোবর থেকে নতুন মূল্যকাঠামো কার্যকর হলে পুজোর মরসুমে মদের বাজারে তার প্রভাব পড়তে পারে। তবে ক্রেতাদের জন্য বোতলপিছু প্রকৃত দাম কতটা বাড়ছে, তা স্পষ্ট হবে চূড়ান্ত মূল্যতালিকা প্রকাশের পরেই।


Share