Fire Incident

সপ্তাহের শুরুতেই ফের আগুনের আতঙ্ক কলকাতায়! মহাকরণের পিছনে বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে দমকলের ১০টি ইঞ্জিন

সোমবার সাতসকালে মহাকরণের পিছনে একটি বহুতলে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। বহুতলের উপরের অংশ থেকে প্রথমে ঘন ধোঁয়া বেরোতে দেখেন স্থানীয় বাসিন্দারা।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০২ নভেম্বর ২০২৬ ০৯:২০

সপ্তাহের প্রথম কর্মব্যস্ত দিনেই ফের অগ্নিকাণ্ডের আতঙ্ক কলকাতায়! সোমবার সাতসকালে মহাকরণের পিছনে একটি বহুতলে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। স্থানীয় বাসিন্দারা বহুতলের উপরের অংশ থেকে প্রথমে ঘন ধোঁয়া বেরোতে দেখেন। তাঁরাই দ্রুত পুলিশ ও দমকলকে খবর দেন। খবর পেয়েই দমকলের একের পর এক ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছোয়। আগুন নিয়ন্ত্রণে আনতে অন্তত ১০টি ইঞ্জিন কাজ করছে। তবে ঠিক কী কারণে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়।

প্রাথমিকভাবে জানা গিয়েছে, বহুতলের একটি সংস্থার অফিসে আগুন লাগে। উপরের তলা থেকে ধোঁয়া বেরোতে দেখে বিপদের আঁচ পান স্থানীয়রা। এরপরই পুলিশ ও দমকলকে খবর দেওয়া হয়। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দমকলকর্মীরা আগুন নেভানোর কাজ শুরু করেন। বহুতলের ভিতরে কেউ আটকে রয়েছেন কি না, আগুনে কতটা ক্ষয়ক্ষতি হয়েছে, তা এখনও জানা যায়নি। অগ্নিকাণ্ডের উৎস এবং আগুন ছড়িয়ে পড়ার কারণ খতিয়ে দেখছেন দমকল আধিকারিকেরা।

উল্লেখ্য, কয়েকদিন আগেই দক্ষিণ কলকাতার অভিজাত সাউথ সিটি আবাসনের একটি বহুতলে আগুন লাগার ঘটনা ঘটে। ২৮ তলার একটি স্টোররুমে আগুন ছড়িয়ে পড়ায় আতঙ্কিত হয়ে পড়েন আবাসনের বাসিন্দারা। নিরাপত্তার স্বার্থে দ্রুত খালি করে দেওয়া হয় বহুতলটি। আগুন নেভাতে ঘটনাস্থলে পৌঁছোয় দমকলের সাতটি ইঞ্জিন। প্রায় ৪০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। যদিও ওই ঘটনায় কোনও হতাহতের খবর মেলেনি।


Share