Kolkata Delimitation

কসবা বিধানসভায় ৬ থেকে বেড়ে ১৭টি ওয়ার্ড, মেটিয়াবুরুজে ৮টি ওয়ার্ড গঠনের প্রস্তাব, কত জন করে ভোটার? শুরু হল পুনর্বিন্যাসের কাজ

ভোটার সংখ্যার ভারসাম্য বজায় রাখতে বেশ কয়েকটি কেন্দ্রে ওয়ার্ড সংখ্যা বাড়ানো বা কমানোর প্রস্তাব দেওয়া হয়েছে। খসড়া নিয়ে আপত্তি ও পরামর্শ গ্রহণের পরই প্রকাশ করা হবে চূড়ান্ত তালিকা।

কলকাতা পুরসভার ওয়ার্ড পুনর্বিন‍্যাসের কাজ শুরু হয়ে গেল।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০৫ আগস্ট ২০২৬ ০৮:৪৩

পুর নির্বাচনের আগে কলকাতা পুরসভার ওয়ার্ড পুনর্বিন‍্যাসের কাজ শুরু হয়ে গেল। সংখ‍্যালঘু অধ্যুষিত কসবা বিধানসভায় ৬ থেকে বেড়ে হতে চলেছে ১৭টি ওয়ার্ড। মেটিয়াবুরুজ বিধানসভায় হতে চলেছে ৮টি ওয়ার্ড। এর আগে মেটিয়াবুরুজ বিধানসভায় ৬টি ওয়ার্ড ছিল। তবে কলকাতা পুরসভার আইন অনুযায়ী বোরার সংখ্যা একই থাকছে। প্রতিটি ওয়ার্ডে গড়ে সাড়ে ১৫ হাজার ভোটারকে রাখার প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

বিধানসভা নির্বাচনের তৃণমূলের ভরাডুবির পরে কলকাতা পুরসভার বোর্ড ভেঙে গিয়েছে। মেয়াদ শেষ হওয়ার আগেই মেয়র পদ থেকে ইস্তফা দিয়েছেন ফিরহাদ হাকিম। পুর ও নগরোন্নয়ন দফতরের নির্দেশে বসেছে প্রশাসক। ডিসেম্বরের মধ্যেই কলকাতা পুর নির্বাচন হবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। তার আগে ওয়ার্ডের পুনর্বিন‍্যাস সেরে ফেলবে পুরসভা।

কলকাতা পুরসভা কমিশনার স্মিতা পান্ডে জানিয়েছিলেন, ২০০টি ওয়ার্ড হতে চলেছে। এখনও পর্যন্ত ১৪৪টি ওয়ার্ড রয়েছে। তবে বোরোর সংখ্যা একই থাকছে। প্রাথমিক ভাবে প্রস্তাবও জমা পড়েছে বলে জানা গিয়েছে। পুরসভা সূত্রের খবর, মোট ১৭টি বিধানসভা কেন্দ্রকে সামনে রাখা হয়েছে। তার মধ্যে কসবা বিধানসভায় ১৭টি ওয়ার্ড হতে চলেছে। ওই বিধানসভার ৭,১০ এবং ১২ নম্বর বোরোতে মোট দু’লক্ষ ৬৫ হাজার ৬১৬ জন ভোটার রয়েছে। এই সংখ্যালঘু অধ্যুষিত বিধানসভায় বর্তমানে ছ’টি ওয়ার্ড রয়েছে। পুনর্বিন‍্যাসের পরে ১৭টি ওয়ার্ড হতে চলেছে। প্রতিটি ওয়ার্ডে ১৫ হাজার ৬২৪ জন করে ভোটার রাখা হতে পারে।

যাদবপুর কেন্দ্রে বর্তমান ১০টি ওয়ার্ড রয়েছে। পুনর্বিন‍্যাসের পরে তা হতে চলেছে ১৬টি। এই কেন্দ্রের ১০, ১১ এবং ১২ নম্বর বোরোর অধীনে থাকা প্রতিটি ওয়ার্ডে ১৫ হাজার ৯৬৯ ভোটার রাখার পরিকল্পনা নেওয়া হয়েছে। টালিগঞ্জে বর্তমানে ন’টি ওয়ার্ড রয়েছে। পুনর্বিন‍্যাসের হতে পারে ১৪টি। প্রতি ওয়ার্ডে ভোটার থাকবে ১৬ হাজার ৩০৫ জন। বেহালা পূর্বে ১১ থেকে বেড়ে ১৬টি ওয়ার্ড করার প্রস্তাব দেওয়া হয়েছে। এই বিধানসভার প্রতিটি ওয়ার্ডে ১৬ হাজার ১৪০ জন করে ভোটার রাখা হতে পারে। বেহালা পশ্চিমের ক্ষেত্রে ১৭টি ওয়ার্ড হতে পারে। বর্তমানে সেখানে ১০টি ওয়ার্ড রয়েছে। প্রতিটি ওয়ার্ডে ১৫ হাজার ৬৫৭টি ভোটার রাখার প্রস্তাব দেওয়া হয়েছে।

কলকাতা পোর্ট বিধানসভায় আট থেকে ১১টি, ভবানীপুরে আট থেকে ১০টি, রাসবিহারীতে নয় থেকে ১০টি এবং বালিগঞ্জে সাত থেকে ১২টি, বালিগঞ্জে সাত থেকে ১২টি, এন্টালিতে পাঁচ থেকে ১১টি, বেলেঘাটায় আট থেকে ১২টি, মানিকতলায় আট থেকে ১১টি এবং কাশীপুর-বেলগাছিয়াতে ছয় থেকে বেড়ে ১১টি ওয়ার্ড হতে চলেছে। অন‍্য দিকে, চৌরঙ্গী এবং জোড়াসাঁকো বিধানসভায় ওয়ার্ডের সংখ্যা কমতে চলেছে। এই দুই বিধানসভায় বর্তমানে ১১টি করে ওয়ার্ড রয়েছে। পুনর্বিন‍্যাসের পরে তা আটটি করে রাখার প্রস্তাব দেওয়া হয়েছে। 

পুরসভার ওয়ার্ড পুনর্বিন‍্যাসের মূল লক্ষ্য হল বিভিন্ন ওয়ার্ডে ভোটারের সংখ্যাতে ভারসাম্য বজায় রাখা। জনসংখ্যার ভিত্তিতে আরও সুষম প্রতিনিধিত্ব নিশ্চিত করা। বর্তমানে প্রকাশিত এই খসড়ার ওপর আপত্তি ও পরামর্শ গ্রহণের পর চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।


Share