Mysterious Death

বিধানসভার শৌচাগার থেকে ক‍্যান্টিন কর্মীর দেহ উদ্ধার, ময়নাতদন্তের জন‍্য মেডিকেল কলেজে পাঠাল পুলিশ

উমেশচন্দ্র দাস (৪৬) বিধানসভায় চুক্তিভিত্তিক কর্মী ছিলেন। গত ১৫ বছর ধরে ক‍্যান্টিনে কাজ করতেন বলে জানা গিয়েছে।

পশ্চিমবঙ্গ বিধানসভা।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০২ নভেম্বর ২০২৬ ১১:১১

বিধানসভার ভিতরে ক‍্যান্টিন কর্মীর দেহ উদ্ধার করা হয়েছে। মৃতের নাম উমেশচন্দ্র দাস। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

উমেশচন্দ্র দাস (৪৬) বিধানসভায় চুক্তিভিত্তিক কর্মী ছিলেন। গত ১৫ বছর ধরে ক‍্যান্টিনে কাজ করতেন বলে জানা গিয়েছে। পুলিশ সূত্রের খবর, এ দিন সকাল ৯টা নাগাদ সেখানে কর্মরত কর্মীরা উমেশকে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখেন। তাঁরাই পুলিশকে খবর দেন।

ঘটনাস্থলে হেয়ার স্ট্রিট থানার পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে। তবে দেহে কোনও আঘাতের চিহ্ন মেলেনি বলে পুলিশ সূত্রে খবর। কী কারণে মৃত্যু হয়েছে তা স্পষ্ট নয়। দেহ ময়নাতদন্তের জন্য মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। সোমবারই দেহের ময়নাতদন্ত করা হবে বলে জানা গিয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এলেই মৃত্যুর কারণ স্পষ্ট বলে লালবাজারের এক পুলিশকর্তা জানিয়েছেন। মৃতের বাড়ির সদস্যদের খবর দেওয়া হয়েছে।

পশ্চিমবঙ্গ বিধানসভার অত‍্যন্ত সুরক্ষিত একটি এলাকা। এখানে সর্বক্ষণ পুলিশের নজরদারি চলে। এ দিন সকালের ঘটনার পরে বিধানসভায় কর্মরত কর্মীদের মধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে। বিধানসভায় হোমিসাইড শাখার আধিকারিকরা গিয়েছেন। ঘটনাস্থল পুলিশ ঘিরে রেখেছে।


Share