Death Inside Jail

প্রেসিডেন্সি জেলের ভিতরে বিচারাধীন বন্দি রক্তাক্ত দেহ উদ্ধার, ঘটনাস্থলে লালবাজারের হোমিসাইড শাখার গোয়েন্দারা

লালবাজার সূত্রের খবর, মহম্মদ আলির বিরুদ্ধে ২০২০ সালে এন্টালি থানায় দায়ের হওয়া মাদক মামলা রয়েছে। মাদক আইনের ৩(৪) ধারায় তাঁর বিরুদ্ধে মামলা রয়েছে। এ ছাড়াও, শিয়ালদহ জিআরপিতেও ১০৫ নম্বর মামলা রয়েছে।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২৬ নভেম্বর ২০২৬ ১০:১৮

প্রেসিডেন্সি জেলের ভিতর থেকে বিচারাধীন বন্দির রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করা হয়েছে। মৃতের নাম মহম্মদ আলি। মাদক মামলায় প্রেসিডেন্সি জেলে ছিলেন তিনি। বৃহস্পতিবার সন্ধ্যায় তাঁর দেহ উদ্ধার করা হয়েছে। লালবাজারের হোমিসাইড শাখার গোয়েন্দারা জেলে পৌঁছেছেন।

পুলিশ সূত্রের খবর, কলকাতা বিমানবন্দর সংলগ্ন মধ‍্যমগ্রামের বাঁকড়া-বাঁশতলা এলাকার বাসিন্দা মহম্মদ আলি। দীর্ঘদিন ধরে মাদক মামলায় প্রেসিডেন্সি সংশোধনাগারে বিচারাধীন বন্দি হিসেবে ছিলেন। এ দিন সন্ধ্যায় নিয়ম অনুযায়ী মাথাগোনার কাজ চলছিল। সেই সময় তাঁর খোঁজ মেলেনি। তার পরেই মহম্মদ আলির খোঁজ শুরু হয়। জেলের ভিতরে ৪৪ নম্বর ওয়ার্ডের পাশের গলিতে তাঁর ক্ষতবিক্ষত দেহ উদ্ধার করা হয়েছে। তাঁর মাথার পেছনে এবং মুখে আঘাতের চিহ্ন রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

লালবাজার সূত্রের খবর, মহম্মদ আলির বিরুদ্ধে ২০২০ সালে এন্টালি থানায় দায়ের হওয়া মাদক মামলা রয়েছে। মাদক আইনের ৩(৪) ধারায় তাঁর বিরুদ্ধে মামলা রয়েছে। এ ছাড়াও, শিয়ালদহ জিআরপিতেও ১০৫ নম্বর মামলা রয়েছে। এই মামলাগুলিতে বিচারাধীন থাকাকালীন তিনি প্রেসিডেন্সি জেলে থাকতেন।

তাঁকে সেখান থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসকেরা মহম্মদ আলিকে মৃত বলে ঘোষণা করেন। আগামীকাল মৃতের দেহের ময়নাতদন্ত হবে। হেস্টিংস থানার পুলিশ প্রেসিডেন্সি জেলে গিয়েছেন। হোমিসাইড শাখার গোয়েন্দারাও প্রেসিডেন্সি জেলে পৌঁছেছেন। তাঁরা ঘটনাস্থল খতিয়ে দেখছেন। মহম্মদ আলির গতিবিধি কী ছিল তা নিশ্চিত করতে জেলের সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখছেন তাঁরা। রহস‍্যমৃত‍্যু না কি খুন তা এখনও নিশ্চিত নয়। এখনও লালবাজারের আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি।


Share