Kolkata Traffic

ব্রিজের ওপরে আর রাখা হবে না ব্রেক ভ‍্যান, মা উড়ালপুলকে যানজট মুক্ত করতে উদ্যোগী হল কলকাতা পুলিশ, তৈরি হবে পৃথক আপৎকালীন পার্কিং

ব্রেক ভ‍্যান ঘটনাস্থলে পৌঁছোতেও সময় লাগে। আবার আপৎকালীন পরিস্থিতির মোকাবিলা করতে উড়ালপুলের ওপরেই পুলিশের ব্রেক ভ‍্যানগুলি রাখা থাকে। এর ফলেও যানযটের সমস্যা দেখা দেয়।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২১ আগস্ট ২০২৬ ০৪:৫৯

মা উড়ালপুলে যানজট এড়াতে উদ্যোগী হল কলকাতা পুলিশ। এত দিন ব্রিজের ওপরেই ব্রেকডাউন হওয়া গাড়ি রাখা হত। এ বার থেকে সেই গাড়িগুলি রাখতে আলাদা মূল রাস্তার পাশে রাখা হবে বলে জানা গিয়েছে।

মা উড়ালপুল শহরের অন্যতম ব্যস্ততম একটি সেতু। সল্টলেক, নিউটাউনে দ্রুত পৌঁছে যেতে মানুষ এই রাস্তাকেই বেশি ব‍্যবহার করে। কিন্তু এই উড়ালপুল প্রশস্ত না হলেও কারণে যানজট লেগেই থাকে। এর ওপর উড়ালপুলের ওপরে যদি কোনও গাড়ি খারাপ হয় তাহলে সেই গাড়ি সরিয়ে নিয়ে যেতে পুলিশের কালঘাম ছুটে যায়। ব্রেক ভ‍্যান ঘটনাস্থলে পৌঁছোতেও সময় লাগে। আবার আপৎকালীন পরিস্থিতির মোকাবিলা করতে উড়ালপুলের ওপরেই পুলিশের ব্রেক ভ‍্যানগুলি রাখা থাকে। এর ফলেও যানযটের সমস্যা দেখা দেয়।

লালবাজার সূত্রের খবর, এই সমস‍্যা নির্মূল করতে উদ্যোগী হয়েছে ট্রাফিক পুলিশ। জানা গিয়েছে, 'এক্সটেন্ডেড প্রজেকশন' অর্থাৎ 'ব্রেকডাউন বে' চালু করা হবে। লালবাজারের এক কর্তার বক্তব্য, এটিকে প্রকার আপৎকালীন পার্কিংয়ের মতো। ব্রিজের ওপরে কোনও গাড়ি খারাপ হলে সেটিকে দ্রুত সরিয়ে নিয়ে তাকে পার্কিং করার জন্য বিশেষ ব্যবস্থা করা হবে।

কারণ হিসেবে বলতে গিয়ে ওই কর্তা জানান, ব্রিজ গুলিতে যান্ত্রিক গোলযোগের কারণে কিংবা দুর্ঘটনা জনিত কারণে বিকল গাড়ি সরানোর জন্য রেকার ভ্যান থাকলেও তা সব সময় মেলে না। রেকার ভ‍্যানের সংখ্যা কম থাকায় এমনটা হয় বলে জানান তিনি। সেই জায়গায় 'ব্রেকডাউন বে' বা আপৎকালীন পার্কিং ব্যবস্থা থাকলে যানজট এড়ানো খুবই সহজ হবে মনে করছে তিনি।

এই বিষয়ে কলকাতা ট্রাফিক পুলিশের ডেপুটি কমিশনার সম্ভব জৈন বলেন, “এই পরিকল্পনা চলছে। ব্রিজ গুলিতে গাড়ি খারাপ হয়ে যাওয়ার কারণে যাতে যানজট হয়। কীভাবে তা আটকানো যায় তা নিয়ে অনেক দিন ধরেই পর্যালোচনা চলছিল। রেকার ভ্যান' ছাড়াও আর কি অন্য ব্যবস্থা আনা যায় তা নিয়ে ভাবনাচিন্তা হয়েছে। চিন্তাভাবনা করে এই সিদ্ধান্তে উপনীত হওয়া গেছে। শীঘ্রই চালু হতে চলেছে 'ব্রেকডাউন বে', অর্থাৎ 'আপৎকালীন পার্কিং' পরিষেবা চালু করা হবে।”

উল্লেখ্য, 'ব্রেকডাউন বে' বা আপৎকালীন পার্কিং পরিষেবা নতুন কিছু ব্যবস্থা নয়। রাজ্যের অনেক হাইওয়েতে এই ব‍্যবস্থা রয়েছে। দুর্ঘটনাগ্রস্থ বা যান্ত্রিক গোলযোগের কারণে বিকল হয়ে যাওয়া গাড়ি সরিয়ে নিয়ে গিয়ে রাখতে কাজে লাগে। তবে সেক্ষেত্রে জায়গা থাকে। কিন্তু মা উড়ালপুলে এমন আপৎকালীন পার্কিং তৈরি করতে জায়গার প্রয়োজন রয়েছে। এক্ষেত্রে উড়ালপুলে পৃথক গার্ডার ব‍্যবহার করা হবে নাকি পাশে বা মাঝেই এই পার্কিং করা হবে তা নিয়ে সদুত্তর মেলেনি। কীভাবে এই পরিকল্পনা বাস্তবায়িত হয় তার দিকেই তাকিয়ে রয়েছে সাধারণ মানুষ।


Share