Suvendu Adhikari

‘জনগণের টাকা অভারতীয়দের দেওয়া যায় না,’ ২৬ লক্ষ‍ আবেদন বাতিল, এক কোটির বেশি ‘যোগ‍্য’ উপভোক্তাদের অ‍্যাকাউন্টে ঢুকবে টাকা, জানালেন মুখ্যমন্ত্রী

জুলাই যোগ‍্য উপভোক্তাদের অ‍্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা পৌঁছে যাবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, বুধবার থেকেই এক কোটির বেশি উপভোক্তাদের অ্যাকাউন্টে তিন হাজার টাকা পৌঁছে যাবে।

রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০১ জুলাই ২০২৬ ০৩:১৪

জনগণের টাকা অযোগ‍্য এবং অভারতীয়দের দেওয়া যায় না। তাই তালিকা ঝাড়াই-বাছাই করার ‘অত‍্যন্ত’ প্রয়োজন হয়ে পড়ে ছিল। ১ জুলাই যোগ‍্য উপভোক্তাদের অ‍্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা পৌঁছে যাবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, বুধবার থেকেই এক কোটির বেশি উপভোক্তাদের অ্যাকাউন্টে তিন হাজার টাকা পৌঁছে যাবে।

বুধবার বিধানচন্দ্র রায়ের জন্মদিন উপলক্ষে নেতাজি ইন্ডোরে আয়োজিত সরকারি সভা থেকে কত যোগ‍্য মহিলা উপভোক্তা অন্নপূর্ণা যোজনার টাকা পেতে চলেছেন সেই সংখ‍্যাটা জানিয়েছেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, পূর্বের যাঁরা ‘লক্ষ্মীর ভান্ডার’ প্রকল্পের টাকা পেতেন সেই তালিকা ঝাড়াই-বাছাই করার কাজ চলছে। বুধবার পর্যন্ত এক কোটি ৬০ লক্ষ মহিলাকে এই প্রকল্পের টাকা পাওয়ার জন‍্য ‘যোগ‍্য’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তাঁদের নাম পোর্টালে নথিভুক্ত করা হয়েছে। তাঁদের অ‍্যাকাউন্টে তিন হাজার টাকা করে মাসিক ভাতা আজ থেকেই দেওয়া শুরু হয়ে গিয়েছে। তারই সূচনা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দুপুর ১টা থেকে সেই টাকা পাঠানোর কাজ শুরু হয়ে গিয়েছে বলে জানান তিনি। মুখ্যমন্ত্রী শুভেন্দু এ-ও জানিয়েছেন, যাঁদের অ‍্যাকাউন্টে এখনও পর্যন্ত টাকা আসেনি তাঁরা এ দিন বিকেল পর্যন্ত টাকা পেয়ে যাবেন বলেও জানিয়েছেন।

কোনও যোগ‍্য আবেনকারীর নাম বাদ যাবে না বলে পরিসংখ্যান বলতে গিয়ে বুধবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, অন্নপূর্ণা যোজনার জন‍্য ২৬ লক্ষ আবেদন বাতিল করা হয়েছে। এক কোটি ৩০ লক্ষ উপভোক্তাকে যোগ্য হিসেবে চিহ্নিত করা হয়েছে। আবেদনপত্র যাচাইয়ের পরেই এই ২৬ লক্ষ আবেদন বাতিলের খাতায় চলে গিয়েছে।

বিগত সরকারের ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পে যে ব‍্যপক দুর্নীতি হয়েছে তা নিয়েও মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানান, ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পের টাকা পেতেন এমন প্রায় দু’কোটি অ্যাকাউন্ট যাচাই করা হয়েছে। যে ২৬ লক্ষ অ্যাকাউন্ট বাদের তালিকায় চলে গিয়েছে তাদের মধ্যে অভারতীয় (বাংলাদেশি অনুপ্রবেশকারী) মৃত বা অন্যত্র স্থানান্তরিত হয়ে গিয়েছে। এ ছাড়াও, প্রায় ১০ লক্ষ পুরুষের নামও ওই তালিকায় ছিল। জনগণের করের টাকা অযোগ্য বা অভারতীয় ব্যক্তিদের দেওয়া যায় না। তাই যাচাই প্রক্রিয়া অত্যন্ত জরুরি ছিল বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

নাগরিকত্ব সংশোধনী আইনের দ্বারা যে সমস্ত মহিলারা আবেদন করেছেন, নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাঁরাও এই প্রকল্পের টাকা পাবেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পাশাপাশি ভোটার তালিকায় বাদ যাওয়ার পরে যাঁরা ট্রাইব্যুনালে আবেদন করেছেন তাঁরাও নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এই অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন। ট্রাইবুনাল যদি তাঁদের ভোটার তালিকায় নাম তোলার জন্য অযোগ্য হিসেবে গণ্য করে সেক্ষেত্রে অনুদান পাওয়া বাতিল হয়ে যাবে বলেও ইঙ্গিত দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

মুখ্যমন্ত্রী শুভেন্দু জানান, শুধুমাত্র সমতল নয়, পাহাড়ি এলাকার নেপালি ও গোর্খা সম্প্রদায়ের ‘যোগ্য’ উপভোক্তারাও এই প্রকল্পের আওতায় টাকা পেয়েছেন। তাঁর কথায়, "সরকারের টাকা প্রকৃত যোগ্য ব্যক্তিরাই পাবেন, এটাই আমাদের লক্ষ্য। এ ক্ষেত্রে কোনও পক্ষপাত করা হয়নি।"

অন্নপূর্ণা যোজনার টাকা পেতে ১২ পাতার ফর্ম নিয়ে বিতর্ক তৈরি করে কমিউনিস্টরা। সেই বিতর্কের জবাব মুখ্যমন্ত্রী জানান, "১২ পাতার ফর্ম বলা হলেও বাস্তবে আবেদনকারীদের মাত্র চার পাতার তথ্য পূরণ করতে হয়েছে।" তিনি জানান, এই তথ্যভাণ্ডার ভবিষ্যতে অন্যান্য সরকারি প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রেও কাজে লাগবে।

গত কয়েক দিন আগে রাজ‍্য সরকার জনকল্যাণ শিবির করেছে। সেখানে কেন্দ্র এবং রাজ‍্য সরকারের প্রকল্পের সুবিধা পেতে আবেদন করার জন‍্য মানুষ ভিড় করেছিলেন। মুখ্যমন্ত্রী আরও জানান, জনকল্যাণ শিবিরে আবেদন করা আট লক্ষ ১৫ হাজার মহিলার অ্যাকাউন্টেও ইতিমধ্যেই টাকা পাঠানো হয়েছে। রাজ‍্য সরকারের দাবি, ধাপে ধাপে সমস্ত যোগ্য উপভোক্তার অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার অর্থ পৌঁছে দেওয়া হবে। কোনও যোগ্য আবেদনকারীকে বঞ্চিত করা হবে না।


Share