Calcutta High Court

২০৫টি বিএড কলেজের অ্যাফিলিয়েশন নবীকরণ বাতিল, হাই কোর্টে ৫৭ কলেজ! মঙ্গলবার মামলার শুনানি

মঙ্গলবার মামলার শুনানি হওয়ার কথা। আদালতের এই শুনানির দিকে তাকিয়ে রয়েছেন সংশ্লিষ্ট কলেজগুলির কর্তৃপক্ষ থেকে শুরু করে পড়ুয়ারা।

কলকাতা হাই কোর্ট।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০৯ নভেম্বর ২০২৬ ০৪:১৫

রাজ্যে ২০৫টি বিএড কলেজের অ্যাফিলিয়েশন নবীকরণ না করার সিদ্ধান্ত ঘিরে তৈরি হল নতুন আইনি জটিলতা। বিশ্ববিদ্যালয়ের এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছে ৫৭টি বিএড কলেজ। মামলাকারী কলেজগুলির অভিযোগ, কী কারণে তাদের অ্যাফিলিয়েশন নবীকরণ করা হয়নি, সে বিষয়ে যথাযথ কারণ দর্শানোর নোটিস দেওয়া হয়নি। এই মামলায় আবেদন করার অনুমতি দিয়েছে হাই কোর্ট। মঙ্গলবার মামলার শুনানি হওয়ার কথা। আদালতের এই শুনানির দিকে তাকিয়ে রয়েছেন সংশ্লিষ্ট কলেজগুলির কর্তৃপক্ষ থেকে শুরু করে পড়ুয়ারা। পাশাপাশি, নতুন করে ছাত্রছাত্রী ভর্তি এবং নিয়োগ প্রক্রিয়া নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা।

২০২৬-২৭ শিক্ষাবর্ষের জন্য অ্যাফিলিয়েশন নবীকরণের অযোগ্য বিএড কলেজগুলির তালিকা প্রকাশ করেছে বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটি। বিশ্ববিদ্যালয়ের অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রারের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, তালিকাভুক্ত কলেজগুলি নির্ধারিত সরকারি ও প্রশাসনিক মানদণ্ড পূরণ করতে পারেনি। সেই কারণেই তাদের অ্যাফিলিয়েশন নবীকরণ করা হয়নি। নির্দেশিকা অনুযায়ী, ২০২৬-২৮ শিক্ষাবর্ষে ওই কলেজগুলি বিএড কোর্সে নতুন করে কোনও পড়ুয়াকে ভর্তি নিতে পারবে না। তবে পরিকাঠামো এবং শিক্ষক সংক্রান্ত ঘাটতি পূরণের সুযোগ রয়েছে। প্রয়োজনীয় শর্ত পূরণ করতে পারলে ২০২৭-২৯ শিক্ষাবর্ষে ভর্তির অনুমতি পাওয়ার সম্ভাবনা থাকবে।

শিক্ষার গুণমান বজায় রাখতে আগেই রাজ্যের বিএড, আইটিআই, পলিটেকনিক এবং ফার্মা কলেজগুলিতে যৌথ পরিদর্শন শুরু করেছিল উচ্চশিক্ষা ও কারিগরি শিক্ষা দফতর। প্রথম দফার পরিদর্শনের পর ১৫৬টি বিএড কলেজকে ২০২৬-২৮ শিক্ষাবর্ষে সরাসরি ভর্তির অনুমতি দেওয়া হয়। অন্য দিকে, নির্ধারিত মানদণ্ড পূরণে ব্যর্থ হওয়ায় ৪১৫টি কলেজকে পরিকাঠামোগত উন্নতির জন্য ২১ দিনের শো-কজ নোটিস পাঠানো হয়েছিল। এর মধ্যে ৯টি কলেজ কোনও জবাব দেয়নি। বাকি কলেজগুলির পরিকাঠামো খতিয়ে দেখতে প্রথম দফার পরিদর্শক দলের পরিবর্তে নতুন দল পাঠিয়ে দ্বিতীয় দফায় পরিদর্শন করা হয়।

দ্বিতীয় দফার পরিদর্শনে ২৩৭টি বিএড কলেজ প্রয়োজনীয় মানদণ্ড পূরণ করেছে বলে জানানো হয়। ৪ নভেম্বর থেকে ওই কলেজগুলিকে ২০২৬-২৮ শিক্ষাবর্ষে পড়ুয়া ভর্তির অনুমতি দেওয়া হয়েছে। তবে চূড়ান্ত পর্যালোচনায় আরও ২০৫টি কলেজ নির্ধারিত মান পূরণে ব্যর্থ হয়েছে বলে জানায় বিশ্ববিদ্যালয়। সেই কারণেই সংশ্লিষ্ট কলেজগুলিতে নতুন ভর্তি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। শিক্ষার মান বজায় রাখতেই এই পদক্ষেপ বলে দাবি কর্তৃপক্ষের।

কিন্তু এই সিদ্ধান্তের বৈধতা নিয়েই এবার প্রশ্ন তুলেছে ৫৭টি বিএড কলেজ। তাদের দাবি, অ্যাফিলিয়েশন নবীকরণ না করার আগে যথাযথ নোটিস বা কারণ দর্শানোর সুযোগ দেওয়া হয়নি। ফলে বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে আদালতের দ্বারস্থ হয়েছে তারা। মঙ্গলবার কলকাতা হাই কোর্টে মামলার শুনানিতে কী নির্দেশ দেওয়া হয়, এখন সেদিকেই নজর সংশ্লিষ্ট কলেজ কর্তৃপক্ষ, পড়ুয়া এবং শিক্ষা মহলের।


Share