Stone Syndicate

পুলিশি হেনস্থার অভিযোগে সুপ্রিম কোর্টে যাওয়ার হুঁশিয়ারি, ২৪ ঘণ্টার মধ্যেই পরপর দু’দিন দুই থানায় তলব টুলু মণ্ডলকে

এর ২৪ ঘণ্টার মধ্যেই বীরভূম জেলা পুলিশ তাঁকে পরপর দু’দিন দু’টি থানায় হাজিরার নির্দেশ দিল। সোমবার মহম্মদ বাজার থানা এবং মঙ্গলবার সিউড়ি থানায় তাঁকে তলব করা হয়েছে।

পাথর মাফিয়া টুলু মন্ডল।
নিজস্ব সংবাদদাতা, বীরভূম
  • শেষ আপডেট: ২৩ নভেম্বর ২০২৬ ০৩:২০

তল্লাশির নামে পুলিশি হেনস্থার অভিযোগ তুলে সুপ্রিম কোর্টে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন বীরভূমের বিতর্কিত পাথর ব্যবসায়ী টুলু মণ্ডল। এর ২৪ ঘণ্টার মধ্যেই বীরভূম জেলা পুলিশ তাঁকে পরপর দু’দিন দু’টি থানায় হাজিরার নির্দেশ দিল। সোমবার মহম্মদ বাজার থানা এবং মঙ্গলবার সিউড়ি থানায় তাঁকে তলব করা হয়েছে। যদিও পুলিশের বিরুদ্ধে হেনস্থার অভিযোগে অনড় টুলুর আইনজীবী সিকান্দার আনসারি।

পুলিশ সূত্রে খবর, সোমবার সকাল ১১টায় মহম্মদ বাজার থানায় হাজিরার নির্দেশ দেওয়া হয়েছিল টুলুকে। তাঁর আত্মীয় মিনার মণ্ডলের বাড়ি থেকে সোনা ও টাকা উদ্ধারের মামলায় জিজ্ঞাসাবাদের জন্য এই তলব। তবে টুলুর আইনজীবী সিকান্দার আনসারির দাবি, এই সংক্রান্ত কোনও নোটিস তাঁদের হাতে পৌঁছোয়নি। ফলে এ দিন মহম্মদ বাজার থানায় টুলু হাজিরা দেননি।

অন্য দিকে, পাথর খাদান সংক্রান্ত মামলায় জিজ্ঞাসাবাদের জন্য মঙ্গলবার সকাল ১১টায় সিউড়ি থানায় তাঁকে হাজির হতে বলা হয়েছে। ওই দিন তাঁর আইনজীবী টুলু হাজিরা দেবেন বলে জানিয়েছেন। উল্লেখ্য, গত শনিবারও পাথর ব্যবসায়ী এই মামলায় সিউড়ি থানায় হাজিরা দিয়েছিলেন। প্রায় সাড়ে ছ’ঘণ্টা ধরে তদন্তকারীরা তাঁকে জিজ্ঞাসাবাদ করেন।

এ দিকে, বীরভূম আদালতে সোমবার জাল ডিসিআর মামলার শুনানি হওয়ার কথা থাকলেও তা হয়নি। বার অ্যাসোসিয়েশনের রেজোলিউশনের কারণে শুনানি পিছিয়ে গিয়েছে বলে জানিয়েছেন সিকান্দার। তাঁর কথায়, আগামী ২৬ নভেম্বর দুপুর ১টা ১৫ মিনিটে ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে মামলার শুনানি হবে।

পাশাপাশি, পুলিশের বিরুদ্ধে হেনস্থার অভিযোগেও টুলুর আইনজীবী সরব হয়েছেন। তাঁর অভিযোগ, গত শুক্রবার ভবানী ভবনে হাজিরা দিয়ে ফেরার পথে বোলপুরের কাছে তাঁদের গাড়ি আটকানো হয়। টুলুর নিরাপত্তারক্ষীদের গাড়িতে তল্লাশি চালিয়েও কিছু পাওয়া যায়নি বলে দাবি সিকান্দারের। তাঁর কথায়, “আমার মক্কেলের নিরাপত্তারক্ষীদের গাড়িতে পুলিশ তল্লাশি করেছিল। কিছু পাওয়া যায়নি। এই হেনস্থার কথা আমরা সুপ্রিম কোর্টে জানাব।” কয়লা ও পাথরের ডিসিআর দুর্নীতি মামলার তদন্তে তাঁরা পুলিশকে সব রকম সহযোগিতা করছেন বলেও দাবি করেছেন টুলুর আইনজীবী।


Share