Stone Syndicate

১৭ নভেম্বরের মধ্যে দেশে ফিরতে হবে পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে, ৭ ডিসেম্বর পর্যন্ত গ্রেফতারিতে নিষেধাজ্ঞা সুপ্রিম কোর্টের

বিচারপতি দীপঙ্কর দত্ত এবং বিচারপতি শীল নাগুরের বেঞ্চ জানিয়েছে, ৭ ডিসেম্বর পর্যন্ত তাঁকে গ্রেফতার করতে পারবে না পশ্চিমবঙ্গ পুলিশ।

টুলু মন্ডল।
নিজস্ব সংবাদদাতা, বীরভূম
  • শেষ আপডেট: ০৪ নভেম্বর ২০২৬ ০১:৫৩

সুপ্রিম কোর্টের নির্দেশ, আগামী ১৭ নভেম্বরের মধ্যে ভারতে ফিরতে হবে পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে। বিচারপতি দীপঙ্কর দত্ত এবং বিচারপতি শীল নাগুরের বেঞ্চ জানিয়েছে, ৭ ডিসেম্বর পর্যন্ত তাঁকে গ্রেফতার করতে পারবে না পশ্চিমবঙ্গ পুলিশ। তবে এই সময়ের মধ্যে পরবর্তী রক্ষাকবচের জন্য স্থানীয় আদালতে আবেদন করতে হবে তাঁকে। ইতিমধ্যেই পরিবারকে নিয়ে দুবাইয়ে চলে গিয়েছেন টুলু।

পাথর পাচার এবং সরকারি রাজস্ব ফাঁকি দেওয়ার অভিযোগে টুলু মণ্ডলের বিরুদ্ধে চার্জশিট জমা দিয়েছে বীরভূম জেলা পুলিশ। অভিযোগ, সরকারি কর্মীদের সঙ্গে যোগসাজশ করে ডিসিআর (ডুপ্লিকেট কার্বন রসিদ) ফাঁকি দিয়ে ২০২১ থেকে ২০২৫ সাল পর্যন্ত প্রতি বছর ১০০ কোটিরও বেশি টাকা রাজস্ব ফাঁকি দিয়েছেন তিনি। সব মিলিয়ে সেই অঙ্ক প্রায় ৮৫০ কোটি টাকা বলে অভিযোগ।

পাথর পাচার মামলায় পুলিশি তৎপরতা এবং ধরপাকড় শুরু হতেই গা ঢাকা দেন টুলু মণ্ডল। শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন তিনি। এ দিন তাঁর আইনজীবী মুকুল রোহতগী আদালতে জানান, রক্ষাকবচ পেলে দেশে ফিরতে প্রস্তুত টুলু। তাঁর আরও অভিযোগ, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ভাবে টুলু মণ্ডলের বিরুদ্ধে পদক্ষেপ করছে পশ্চিমবঙ্গ পুলিশ। মুকুলের দাবি, “টুলু মণ্ডল দাউদ ইব্রাহিম নন। তিনি দেশের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা নিয়ে দুবাইয়ে বৈধ ব্যবসা করছেন।”

টুলুর আইনজীবীর সওয়ালের পর রাজ্য পুলিশের বক্তব্য জানতে চায় বিচারপতি দীপঙ্কর দত্ত এবং বিচারপতি শীল নাগুরের বেঞ্চ। রাজ্য পুলিশের হয়ে সলিসিটর জেনারেল তুষার মেহতা আদালতকে আশ্বাস দেন, দেশে ফিরলে আগামী তিন সপ্তাহ টুলু মণ্ডলকে গ্রেফতার করা হবে না। তবে তাঁর বিরুদ্ধে তদন্ত চলবে।

এর পরেই আগামী ১৭ নভেম্বরের মধ্যে টুলু মণ্ডলকে দেশে ফেরার নির্দেশ দেয় শীর্ষ আদালত। একই সঙ্গে ৭ ডিসেম্বর পর্যন্ত তাঁকে গ্রেফতার না করার নির্দেশ দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে পরবর্তী রক্ষাকবচ চেয়ে স্থানীয় আদালতের দ্বারস্থ হতে হবে টুলুকে।


Share