Fire Incident

তারাপীঠে হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, আগুনে পুড়ে পাঁচ পুণ্যার্থীর মৃত্যুর আশঙ্কা, গুরুতর জখম বহু

সোমবার ভোররাতে বীরভূমের তারাপীঠ মন্দিরের কাছে ওই হোটেলের একতলায় আচমকা আগুন লাগে। ঘটনায় এখনও পর্যন্ত পাঁচ জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। গুরুতর জখম ও অসুস্থ হয়েছেন বেশ কয়েকজন।

তারাপীঠের এক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড।
নিজস্ব সংবাদদাতা, তারাপীঠ
  • শেষ আপডেট: ১৭ আগস্ট ২০২৬ ১০:১৩

তারাপীঠের একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। সোমবার ভোররাতে বীরভূমের তারাপীঠ মন্দিরের কাছে ওই হোটেলের একতলায় আচমকা আগুন লাগে। ঘটনায় এখনও পর্যন্ত পাঁচ জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। গুরুতর জখম ও অসুস্থ হয়েছেন বেশ কয়েকজন। তাঁদের উদ্ধার করে রামপুরহাট জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে এখনও উদ্ধারকাজ চলছে। পুলিশ ও দমকল আগুন লাগার কারণ খতিয়ে দেখছে। ঘটনায় হোটেলের ভিতরে আরও কেউ আটকে রয়েছেন কি না, তা-ও দেখা হচ্ছে।

জানা গিয়েছে, শ্রাবণের শেষ সোমবার তারাপীঠে পুজো দিতে বহু পুণ্যার্থী এসেছিলেন। ঘটনার সময় তাঁদের অনেকেই হোটেলের ঘরে ঘুমিয়ে ছিলেন। আচমকাই হোটেলের একতলায় আগুন লেগে যায়। মুহূর্তের মধ্যে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। পুরো এলাকা ঘন কালো ধোঁয়ায় ঢেকে যায়। আগুনের ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে তারাপীঠ ও রামপুরহাট থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছোয়। দমকল বাহিনীকেও খবর দেওয়া হয়। দমকলকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করেন। হোটেলের ভিতরে আটকে পড়া পুণ্যার্থীদেরও দ্রুত উদ্ধার করা হয়। প্রাথমিক ভাবে পুলিশের অনুমান, শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত। তবে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু হয়েছে।

এই ঘটনায় এখনও পর্যন্ত পাঁচ জন পুণ্যার্থীর মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আহত হয়েছেন আরও অনেকে। ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়া বেশ কয়েকজনকে উদ্ধার করে রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করানো হয়েছে। মৃতদের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এখনও পর্যন্ত মৃতদের নাম ও পরিচয় জানা যায়নি।


Share