Stone Syndicate

সিউড়ি থানায় আড়াই ঘণ্টা জিজ্ঞাসাবাদ, ফের মহম্মদবাজারে তলব টুলু মণ্ডলকে! তিন কারণ দেখিয়ে সিআইডি-হাজিরা এড়ালেন পাথর ব্যবসায়ী

বুধবার তিনি ফের সিউড়ি থানায় হাজিরা দিলেন। প্রায় আড়াই ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর থানা থেকে বেরোতেই তাঁকে মহম্মদবাজার থানায় হাজিরার নির্দেশ দেওয়া হয়। অন্য দিকে, এ দিন তাঁর সিআইডির কাছেও হাজিরা দেওয়ার কথা ছিল।

পাথর মাফিয়া টুলু মন্ডল।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২৫ নভেম্বর ২০২৬ ০৪:০৭

বীরভূমের ‘বিতর্কিত’ পাথর ব্যবসায়ী মহম্মদ নাজিমুদ্দিন ওরফে টুলু মণ্ডলকে ঘিরে তদন্তের চাপ ক্রমশ বাড়ছে। বুধবার তিনি ফের সিউড়ি থানায় হাজিরা দিলেন। প্রায় আড়াই ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর থানা থেকে বেরোতেই তাঁকে মহম্মদবাজার থানায় হাজিরার নির্দেশ দেওয়া হয়। অন্য দিকে, এ দিন তাঁর সিআইডির কাছেও হাজিরা দেওয়ার কথা ছিল। কিন্তু তিনটি কারণ দেখিয়ে টুলু সেই হাজিরা এড়িয়ে গেলেন। গোয়েন্দা সূত্রে খবর, তাঁর বিরুদ্ধে ফের নোটিস পাঠানোর প্রস্তুতি চলছে।

বুধবার সকাল ১০টা ১০ মিনিট নাগাদ টুলু আইনজীবীকে সঙ্গে নিয়ে সিউড়ি থানায় পৌঁছোন। বেলা ১টা নাগাদ থানা থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘‘আমি আইনকে সম্মান করি। আমাকে আগেও ডেকেছে, এসেছি। আবার ডাকলে আবার আসব।’’ পুলিশ সূত্রে খবর, বুধবার বেলা দেড়টা নাগাদ পুরনো একটি মামলায় মহম্মদবাজার থানায় হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে তাঁকে। সিউড়ি থানা থেকে বেরিয়ে সেখানেই যাওয়ার কথা ছিল তাঁর। এর আগে দু’বার সিউড়ি থানার পুলিশ এবং এক বার সিআইডি তাঁকে জিজ্ঞাসাবাদ করেছে।

গত শুক্রবার প্রথম বার টুলুকে সিউড়ি থানায় তলব করা হয়েছিল । সে দিন প্রায় ছ’ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ চলে। তার পর মঙ্গলবার ফের তাঁকে ডাকা হয়। সে দিন প্রায় ন’ঘণ্টা থানায় ছিলেন বীরভূমের এই পাথর ব্যবসায়ী। রাতে থানা থেকে বেরিয়ে কোনও প্রশ্নের উত্তর না দিয়েই গাড়িতে উঠে তিনি বাড়ি চলে যান। যদিও শুক্রবার হাজিরা দিয়ে বেরোনোর পর পুলিশের বিরুদ্ধে টুলু হেনস্থার অভিযোগ তুলেছিলেন। তাঁর দাবি ছিল, তিনি বীরভূম জেলার সর্বোচ্চ করদাতাদের মধ্যে অন্যতম। কর ফাঁকি দিয়ে ব্যবসা করেন না। তা সত্ত্বেও কেন তাঁর ব্যবসায়িক নথিপত্র বাজেয়াপ্ত করা হয়েছে, তিনি সেই প্রশ্ন তুলেছিলেন। তাঁর আরও দাবি, গত কয়েক দিনে প্রায় ২০০ কোটি টাকার ব্যবসায়িক ক্ষতি হয়েছে। এ বিষয়ে তদন্তকারী আধিকারিকের কাছে প্রশ্ন তুললে তাঁকে আদালতের দ্বারস্থ হওয়ার পরামর্শ দেওয়া হয়।

রাজস্ব তছরুপ এবং ভুয়ো রসিদ তৈরির মতো একাধিক অভিযোগে টুলুর বিরুদ্ধে পুলিশ মামলা দায়ের করেছে। তৃণমূল জমানায় পাথরের ব্যবসা করে তিনি একাধিক বড় সরকারি প্রকল্পের বরাত পেতেন। টুলু বিদেশে থাকাকালীনই একটি মামলার চার্জশিটে তাঁকে মূল অভিযুক্ত হিসেবে উল্লেখ করা হয়। তাঁর ঘনিষ্ঠ এক ব্যক্তির বাড়ি থেকে বিপুল পরিমাণ টাকা উদ্ধারের পর তদন্তে গতি আসে। গ্রেফতার হন ব্যবসায়ীর বেশ কয়েক জন ঘনিষ্ঠও। পরে সুপ্রিম কোর্টের নির্দেশে টুলু দেশে ফেরেন। শীর্ষ আদালত তাঁকে রক্ষাকবচ দিলেও তদন্তে পূর্ণ সহযোগিতা করার শর্ত বেঁধে দিয়েছে।

শুধু জেলা পুলিশ নয়, সিআইডির নজরেও রয়েছেন টুলু। বিধাননগর পুলিশ কমিশনারেটের নারায়ণপুর থানা এলাকায় পাঁচ কোটি টাকা উদ্ধারের ঘটনার তদন্তে তাঁকে তলব করা হয়েছিল। ডুপ্লিকেট কার্বন রসিদ (ডিসিআর) সংক্রান্ত দুর্নীতির অভিযোগের সূত্র ধরেই ভবানী ভবনে হাজিরা দিয়েছিলেন তিনি। তবে সিআইডি সূত্রের দাবি, সে বার জিজ্ঞাসাবাদে টুলু একাধিক প্রশ্নের উত্তর এড়িয়ে গিয়েছিলেন। সেই কারণেই বুধবার তাঁকে ফের তলব করা হয়েছিল।

কিন্তু এ দিন হাজিরা দিতে পারবেন না বলে টুলু সিআইডিকে জানিয়েছেন। তাঁর যুক্তি, বীরভূম থেকে কলকাতায় আসার দীর্ঘ পথ পাড়ি দিতে শারীরিক সমস্যা হচ্ছে। পাশাপাশি, বীরভূমের বিভিন্ন থানায় চলতি সপ্তাহের বুধবার ও বৃহস্পতিবার হাজিরা দেওয়ার নির্দেশ রয়েছে তাঁর। তিনি শারীরিক অসুস্থতার কথাও জানিয়েছেন। এই পরিস্থিতিতে ফের তাঁকে নোটিস পাঠানোর প্রস্তুতি নিচ্ছে সিআইডি। ফলে জেলা পুলিশ ও সিআইডি— দুই তরফের তদন্তেই আপাতত নজরে টুলু মণ্ডল।


Share