Stone Syndicate

ভবানী ভবনে হাজিরা পাথর মাফিয়া টুলু মন্ডলের, গত বছরে আকাঙ্খা মোড়ে টাকা উদ্ধারের ঘটনায় জিজ্ঞাসাবাদ করতে চায় পুলিশ

শুক্রবার দুপুর ২টো নাগাদ পাথর মাফিয়া টুলু মন্ডলকে ভবানী ভবনে সিআইডির এসওজি শাখার আধিকারিকদের মুখোমুখি হতে নির্দেশ দেওয়া হয়। তিনি নির্ধারিত সময়ের চার মিনিট আগেই ভবানী ভবনে পৌঁছে গিয়েছেন। বর্তমানে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

ভবানী ভবনে পাথর মাফিয়া টুলু মন্ডল।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২০ নভেম্বর ২০২৬ ০৩:৩৩

ভবানী ভবনে হাজিরা দিতে এলেন বীরভূমের পাথর মাফিয়া টুলু মন্ডল ওরফে নাজিমুদ্দিন। তাঁকে সিআইডির স্পেশাল অপারেশন গ্রুপ বা এসওজি শাখার আধিকারিকেরা জিজ্ঞাসাবাদ করছে। পুলিশ সূত্রের খবর, গত ২০২৫ সালে আকাঙ্খা মোড়ের কোটি কোটি টাকা উদ্ধারের ঘটনায় তাঁকে জিজ্ঞাসাবাদ করছেন সিআইডির আধিকারিকেরা।

গত বছরের নভেম্বর মাসে আকাঙ্খা মোড়ের কাছে বারোমাথা মোড়ে একটি স্কোরপিও গাড়িতে তল্লাশি চালানো হয়। গাড়ি থেকে মোট পাঁচ কোটি টাকা পুলিশ বাজেয়াপ্ত করে। নরেন্দ্রপুর থানা এবং রাজ‍্য পুলিশের এসটিএফ সেই টাকাগুলি বাজেয়াপ্ত করে। ঘটনায়, আক্রম খান এবং ইমরান খানকে পুলিশ গ্রেফতার করেছিল। তাঁদের জিজ্ঞাসাবাদ করেই এই টুলু মন্ডলের নাম উঠে আসে। তবে তৃণমূল জমানায় বিপুল টাকা উদ্ধারের ঘটনায় টুলুকে জিজ্ঞাসাবাদ করা হয়নি। 

তবে সরকার পরিবর্তন হওয়ার পরে বীরভূমে টুলুর পাথরের সিন্ডিকেট কার্যত গুটিয়ে দিয়েছে পুলিশ। বিপুল পরিমাণ টাকা, সোনা যেমন বাজেয়াপ্ত হয়েছে তেমনই ডিসিআর জালিয়াতি করে কীভাবে টুলু রাজস্ব ফাঁকি দিয়ে সাম্রাজ্য বিস্তার করেছিলেন তা-ও সামনে এসেছে। বীরভূমে ‘পুলিশ ক্রাকডাউন’-এর পরে দেশ ছেড়ে পালায় যায় টুলু। টুলুর বিরুদ্ধে লুক আউট নোটিসও জারি করা হয়। আইনজীবী মারফত শীর্ষ আদালতে মামলা দায়ের করেন। ওই মামলায় আগামী ৬ ডিসেম্বর পর্যন্ত টুলুর ওপরে দমনমূলক পদক্ষেপ করা যাবে না বলে শীর্ষ আদালত নির্দেশ দেয়। চলতি সপ্তাহে মঙ্গলবার টুলু দেশে ফিরেছেন। তিনি কলকাতায় থাকছেন। 

পুলিশ সূত্রের খবর, ২০২৫ সালের নভেম্বর মাসে আকাঙ্ক্ষা মোড়ে পাঁচ কোটি টাকা উদ্ধারের ঘটনার তদন্তভার নেয় সিআইডি। পুলিশ জানতে পেরেছে, সেদিন যে টাকা নিয়ে আসা হচ্ছিল তা টুলু মন্ডলের। অবৈধ ভাবে পাথর পাচার করে অর্জিত টাকা বলে পুলিশ মনে করছে। সেই মর্মে চলতি মাসের ১৮ নভেম্বর টুলু মন্ডলকে শোকজ করা হয়। কেন টুলু মন্ডলকে ওই মামলায় জড়ানো হবে না তা তাঁর কাছ থেকেই জানতে চায় পুলিশ।

শুক্রবার দুপুর ২টো নাগাদ পাথর মাফিয়া টুলু মন্ডলকে ভবানী ভবনে সিআইডির এসওজি শাখার আধিকারিকদের মুখোমুখি হতে নির্দেশ দেওয়া হয়। তিনি নির্ধারিত সময়ের চার মিনিট আগেই ভবানী ভবনে পৌঁছে গিয়েছেন। বর্তমানে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। 


Share